ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ইজতেমার দ্বিতীয় দিন আজ শুক্রবার। ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। এদিকে পঞ্চগড়েও গতকাল ফজরের নামাজের পর ভারতের আসাম থেকে আসা তাবলিগ জামাতের মেহমান মো. জাকির হোসেন মিয়ার আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়।
ঠাকুরগাঁওয়ে প্রতিটি খিত্তায় মুসল্লিদের তাবলিগের মূল বিষয়বস্তু, সুফল ও ধর্মীয় আদেশের ব্যাপারে তালিম দেওয়া হয়। তালিম দেন প্রতিটি খিত্তার জিম্মাদার। এতে হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। আজ লাখের বেশি মুসল্লির সমাগম আশা করছেন আয়োজকেরা। ইজতেমায় মুসল্লিদের স্বাস্থ্যসেবার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসা দলের পাশাপাশি স্থানীয় একাধিক চিকিৎসা দল স্বাস্থ্যসেবা দেবে।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ইজতেমা ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে পঞ্চগড় চিনিকল-সংলগ্ন মাঠে প্রথমবারের মতো ইজতেমা হওয়ায় জেলার ধর্মপ্রাণ মানুষেরা গ্রামগঞ্জ থেকে ছুটে আসছেন।
ইজতেমা মাঠের জন্য বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা দল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিকে পুলিশ কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ বলেন, ‘ইজতেমা মাঠের চতুর্দিকে পুলিশ কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে জন্য আমরা সতর্ক রয়েছি।’