ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে দায়িত্ব পালনকালে যেসব পুলিশ সদস্য হতাহত হয়েছেন তাঁদের স্মরণে এ বছর থেকে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন শুরু হয়েছে। সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইনস চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে দিবসের উদ্যাপনের সূচনা করে জেলা পুলিশ প্রশাসন। সেখান থেকে মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে যায়। পরে আলোচনা সভা হয়। এএসপি মো. ইলিয়াস জিকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ। সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক রুহুল আমীন খান, ওসি মশিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ বক্তব্য দেন।
এদিকে সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। সেখানে অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ ও জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। পরে ড্রিল শেডে আলোচনা সভা হয়। পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, এএসপি (সদর সার্কেল) আমিনুল ইসলাম।