ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৪৭ জওয়ানের বিচার শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ২০ ও পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হচ্ছে আজ বুধবার। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ সকাল ১০টায় এবং পঞ্চগড় জেলা শহরে অবস্থিত পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত মহাপরিচালকের বিশেষ আদালত-২-এ দুপুরের পর এ বিচার শুরু হবে। দুই আদালতে মোট ৪৭ জওয়ানকে বিচারের মুখোমুখি করা হবে।পঞ্চগড়ের বিশেষ আদালতে চারজন সদস্য বিচারকের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল হোসেন। আদালতের অন্য তিন সদস্য থাকবেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি, বিডিআরের একজন অধিনায়ক ও একজন উপ-অধিনায়ক। এখানে ২২ জওয়ানকে বিচারের মুখোমুখি করা হবে।গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মেজর হাসিবুল করিম আদালতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। গত বছরের ১১ মে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন পঞ্চগড় মুখ্য বিচারিক আদালতে ১২০ (বি), ১২১ এবং ১২১ (এ) ধারায় ২২ বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই ২৫ রাইফেল ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্স থেকে র্যাব ও সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাঁদের আটক করে মুখ্য বিচারিক আদালতে হাজির করে। মুখ্য বিচারক মো. মিজানুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তখন থেকে তাঁরা পঞ্চগড় জেলা কারাগারে আছেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের জের ধরে পরদিন ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে এই ২২ জওয়ান সশস্ত্র বিদ্রোহ করেন। তাঁরা অস্ত্রাগার থেকে গোলাবারুদ বের করে ১৬৬টি ফাঁকা গুলি ছোড়েন, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন হাসিবুল হোসেনকে পরিবারসহ বের করে দেন। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত করে ২৫ জওয়ানকে চিহ্নিত করা হয়। বর্তমানে তাঁরা ঠাকুরগাঁও কারাগারে রয়েছেন। বিশেষ আদালতে এই ২৫ জওয়ানকে বিচারের মুখোমুখি করা হবে।