ঠাকুরগাঁও ও ভোলায় নির্বাচনী সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গত শুক্রবার সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। আহত এক সাংবাদিককে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। ভোলার লালমোহনে গত দুই দিনে নির্বাচনী সহিংসতায় ৩৩ জন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী চৌধুরী গোলাম সারোয়ারের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী সভার প্রস্তুতি চলার সময় শুক্রবার রাত সাতটার দিকে কলেজপাড়ায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম এ মঈনের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ও টেলিভিশন ভাঙচুর করেন। বাধা দিতে গেলে ওয়ার্ড যুবদলের সম্পাদক কামরুল ইসলামকে পিটিয়ে আহত করেন তাঁরা। এ সময় কালের কণ্ঠ পত্রিকার ঠাকুরগাঁওয়ের নিজস্ব প্রতিবেদক আলী আহসান হাবীব ও দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি হারুন অর রশীদ ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন। আলী আহসান হাবীবকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পরে রংপুরের একটি ক্লিনিকে পাঠানো হয়। এরপর উত্তেজিত বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কালীবাড়ি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল হক জানান, হাবিবের মাথার পেছনে আঘাত লেগেছে।ঘটনা সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে চায়। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম এ মঈন দাবি করেন, ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে। এ ঘটনায় তাঁর কোনো কর্মী জড়িত নয়।এদিকে দুই সাংবাদিক ও বিএনপির এক কর্মীকে পেটানোর ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে আজ রোববার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।শুক্রবার দিবাগত রাতে ভোলার লালমোহন পৌরসভার নয়ানী এলাকায় মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান ও এনায়েত কবীর পাটওয়ারীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যপী সংঘর্ষে দুই পক্ষের ২৩ জন আহত হয়। গতকাল শনিবার দুপুরে ৯নং ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী এনায়ের কবীর পাটওয়ারী সমর্থকদের ওপর অপর মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামের সমর্থকেরা অতর্কিত হামলা করলে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান অভিযোগ করেন, এনায়েত কবীরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় আকতারুজ্জামান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে রাতেই লালমোহন থানায় মামলা করেছেন।এনায়েত কবীর পাল্টা অভিযোগ করে বলেন, মনিরুজ্জামানের সন্ত্রাসী বাহিনী তার কর্মীদের ওপর হামলা করেছে। এতে আটজন আহত হয়েছে। তারাও মনিরুজ্জামানের বিরুদ্ধে দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন খান জানান, শুক্রবার রাতের ঘটনায় দুই পক্ষের দুটি মামলা হয়েছে।