ঠাকুরগাঁওয়ে গতকাল শুক্রবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরেকজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ঠাকুরগাঁও: শুক্রবার সকাল আটটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর ও পিকআপ পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক সুবলচন্দ্র বর্মণ (৩২) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৪ জন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গতিরোধকের দাবিতে ঘণ্টা খানেক মহাসড়ক অবরোধ করে রাখে।পীরগঞ্জ (ঠাকুরগাঁও): গতকাল সকাল সাড়ে সাতটায় পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের ফুটকীবাড়ি বাজারে রাস্তা পার হচ্ছিলেন সরলচন্দ্র রায় (৩৮)। এ সময় পীরগঞ্জ থেকে বীরগঞ্জগামী একটি মিনিবাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারাগঞ্জ (রংপুর): ঢাকা-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মমিনুল ইসলাম (৩৫) নিহত হন এবং মিনিবাসটির ২০ জন যাত্রী আহত হয়।