ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ ভেস্তে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারকে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ফলে ঈদগা মাঠের পবিত্রতা নষ্ট হবে—এ অজুহাত এনে মৌলবাদীদের বিরোধিতার কারণে ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। সম্ভাব্য সংঘাত এড়াতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে এই শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান ভাষা আন্দোলনের ৫৮ বছর পর ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর গত ১৭ ফেব্রুয়ারি শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠের দক্ষিণ পাশে সব মানুষের অংশীদারির ভিত্তিতে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। ২১ ফেব্রুয়ারি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সেখানে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর নির্মাণকাজ শুরু হলে বাজারপাড়ার বাসিন্দা ফজলুল বারী ব্যক্তিগত যোগাযোগ এবং মুঠোফোনের মাধ্যমে উদ্যোক্তাদের ঈদগা মাঠে শহীদ মিনার নির্মাণের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। ১১ মার্চ কাচারী জামে মসজিদের ইমাম খলিলুর রহমান জুমার নামাজের খুতবায় ঈদগা মাঠের পাশে শহীদ মিনার নির্মাণের বিরোধিতা করে বলেন, ‘এমন একদিন আসবে, যেদিন ঈদ ও শহীদ দিবস একই দিনে পড়বে। সেদিন ঈদের নামাজ চলাকালে হাজার হাজার নারী-পুরুষ শহীদ মিনারে ফুল দিতে গেলে মুসল্লিদের সঙ্গে দ্বন্দ্ব বেধে যেতে পারে।’ মূলত এরপর বন্ধ হয়ে যায় শহীদ মিনারের নির্মাণকাজ। গত সোমবার শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভায় শহীদ মিনার নির্মাণে এই বিরোধিতার কথা জানানো হয়। উপস্থিত সদস্যরা সংঘাত এড়াতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের পরিবর্তে বিদ্যালয় চত্বরে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের পাশের বাসিন্দা মাসুদ রানা বলেন, প্রস্তাবিত জায়গায় শহীদ মিনার নির্মাণে এলাকাবাসী বিরোধিতা করছে বলে যে প্রচারণা চলছে তা ঠিক নয়। এ প্রসঙ্গে ফজলুল বারী জানান, তিনি শহীদ মিনার নির্মাণের বিরুদ্ধে নন। ভবিষ্যতের বিভেদ থেকে রক্ষার জন্য জেলা প্রশাসকের কাছে গিয়ে অন্য কোনো স্থানে শহীদ মিনার নির্মাণের অনুরোধ করেছেন। ঠাকুরগাঁও কাচারী জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান বলেন, ‘ঈদগা মাঠে শহীদ মিনার হলে ঈদগার পবিত্রতা নষ্ট হবে। তাই মুসল্লিদের অনুরোধে খুতবায় বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছিলাম।’ এ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘শহীদ মিনার নির্মাণের বিরোধিতার কথা শুনে শহরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য জায়গায় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়েছে। কোনো ভালো কাজ নিয়ে মসজিদে সমালোচনা হলে আর সেটা বাস্তবায়ন করা ঠিক নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে এমন কাজ সরকার করবে না।’