ঠাকুরগাঁও চিনিকলে আখের জোগানে ঘাটতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনিকলে গত মাড়াই মৌসুমে আখ সরবরাহ করে টাকা পেতে ঝামেলায় পড়তে হয়েছে ঠাকুরগাঁওয়ের চাষিদের। ঝক্কি-ঝামেলা এড়াতে অনেক চাষি এবার স্থানীয় আখের গুড় তৈরির কারখানায় আখ সরবরাহ শুরু করেছেন। এসব কারখানায় অবৈধভাবে ক্রাশারে আখমাড়াই করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ঠাকুরগাঁও চিনিকল আখের জোগানে ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

ঠাকুরগাঁও চিনিকল সূত্রে জানা গেছে, গত রোপণ মৌসুমে ছয় হাজার ২৮০ একর জমিতে আখের আবাদ করা হয়। চলতি মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর সেই পরিমাণ আখ মাড়াই করে পাঁচ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আখ আবাদে চিনিকল পাঁচ হাজার ৪০০ চাষির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে কর্তৃপক্ষের ধারণা, এবার ৬০ থেকে ৬৫ হাজার মেট্রিক টনের বেশি আখ পাওয়া যাবে না। ১৯ ডিসেম্বর থেকে আখমাড়াই শুরু হবে।

সম্প্রতি সদর উপজেলার মোহাম্মদপুর, পীরগঞ্জের কোষাডাঙ্গীপাড়া, মুন্সিপাড়া ও মণ্ডলপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মুন্সিপাড়া গ্রামের কৃষক মো. বাবুল, কোষাডাঙ্গীপাড়ার জয়নাল ও আবদুল মালেক জমির আখ কেটে ফেলছেন। এ সময় বাবুল জানান, সার, বীজ, শ্রমিকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আখ চাষে কৃষকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। আখের ফলনও কমে গেছে। এ ছাড়া কৃষকদের চিনিকলে সরবরাহ করা আখের টাকা পেতেও অনেক সময় দুর্ভোগে পড়তে হয়। গুড় কারখানার মালিকেরা কৃষকের খেত থেকে সরাসরি আখ কিনে নিয়ে যায়। তাই তাঁরা চিনিকলে আখ সরবরাহ না করে গুড়ের কারখানায় বিক্রি করার জন্য আখ কেটে ফেলছেন।

কোষাডাঙ্গীপাড়া গ্রামের শাহাবুল হক বলেন, ‘গত বছর আট একর জমিতে আখ আবাদ করেছিলাম। আখ বিক্রির টাকা পেতে চিনিকলের হয়রানির শিকার হতে হয়। তিন লাখ টাকা আখের দামের বিপরীতে ৩৬ হাজার টাকা কমিশন দিতে হয়। এ কারণে এবার আখের আবাদ কমিয়ে দিয়েছি।’

সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের আখচাষি আবদুর রাজ্জাক জানান, তিনি ১২ বিঘা জমিতে আখের চাষ করেন। এর মধ্যে চার বিঘা জমিতে রয়েছে মুড়ি-আখ। কিছুদিনের মধ্যে মুড়ি-আখ না কাটতে পারলে ওই জমিতে পরবর্তী ফসল ফলানো যাবে না। তাই অনেককে মুড়ি খেতের আখ বাইরে বিক্রি করতে হচ্ছে।

পীরগঞ্জের মুন্সিপাড়ার সফিউল ইসলাম জানান, চিনিকলে আখের দাম প্রতি মণ ১০০ টাকা হলেও টাকা পেতে পড়তে হয় ভোগান্তিতে। অথচ গুড় তৈরির কারখানায় আখ বিক্রি করলে পাওয়া যাচ্ছে প্রতি মণ ১১০-১২০ টাকা। গুড় কারখানার মালিকেরা নিজেরাই খেত থেকে আখ নিয়ে যান।

সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. বাদল, মনসুর আলী ও পীরগঞ্জের মুন্সিপাড়ার মান্নান, কোষাডাঙ্গীপাড়ার মান্নান, খলিলসহ ছয়জন, কোষামণ্ডলপাড়ার দীনেশ চন্দ্র আখ মাড়াই করে কারখানায় আখের গুড় তৈরি করেন। মান্নান জানান, এক মণ আখে গুড় তৈরি হয় তিন কেজি। এতে অনেক লাভ হয়। পাশের হাটে তাঁরা প্রতিদিন গড়ে তিন মণ গুড় বিক্রি করেন। বাজারে বর্তমানে প্রতি কেজি গুড় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে তিনি দাবি করেন, চিনিকলের চুক্তিবদ্ধ চাষিদের আখ থেকে তিনি গুড় তৈরি করেন না। নিজেদের জমির আখ মাড়াই করছেন।

তবে পীরগঞ্জের কোষাডাঙ্গীপাড়ার দীনেশ চন্দ্রের আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি জানান, সচেতনতামূলক কার্যক্রমের পর তাঁরা এ অভিযান চালিয়েছেন। এ সময় আখমাড়াইয়ের কিছু যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

আখ বিক্রির টাকা পেতে চাষিদের ভোগান্তির কথা স্বীকার করে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম জানান, চিনিকল এলাকায় পাওয়ার ক্রাশারে আখ মাড়াই অবৈধ। অবৈধ আখের গুড় তৈরির কারখানার মালিকদের বিরুদ্ধে অভিযান চলছে। এর মধ্যে সদর উপজেলার মোহাম্মদপুর ও পীরগঞ্জের কোষারানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছে। এর পরও ২০-২৫ শতাংশ চুক্তিবদ্ধ চাষির আখ গুড় কারখানায় চলে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।