ঠাকুরগাঁও ছাত্রলীগের নেতৃত্বে চাকরিজীবী ও ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর গত বুধবার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। সম্মেলনে ফখরুল ইসলামকে সভাপতি ও ফয়সাল আহমদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে স্থান না পাওয়া কয়েকজন অভিযোগ করেছেন, ঘোষিত সভাপতি চাকরিজীবী আর সাধারণ সম্পাদক ব্যবসার সঙ্গে জড়িত। পদবঞ্চিত নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার রাতে শহরে প্রতিবাদ সভা করতে গেলে স্থানীয় যুবলীগ কর্মীরা তাতে বাধা দেন। পরে উভয় পক্ষে সংঘর্ষে পাঁচজন আহত হন।বুধবারের সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, সাবেক সাংসদ এমদাদুল হক বক্তব্য দেন। বেলা আড়াইটায় জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন মাহমুদ হাসান। তিনি বলেন, ‘ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে অনিয়মিত ছাত্র ও ব্যবসায় সম্পৃক্তদের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখা হবে।’ দুপুরে ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের পর রাতেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিতর্কিত দুজনের নাম ঘোষণা করা হলো।বুধবার রাত সোয়া নয়টার দিকে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা দেওয়া হয়। এর পরপরই স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ জানাতে রাতেই তাঁরা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা অবরোধ করে রাখেন।পরে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের একাংশ শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভার আয়োজন করে। এতে স্থানীয় যুবলীগ কর্মীরা বাধা দেন। ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা বাধা উপেক্ষা করে পথসভা শুরু করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের কলেজ কমিটির পাঁচ কর্মী আহত হন। এঁরা হলেন দোলন, শক্তি, আতিক, আতিয়ার ও গোল্ডেন। আহত ব্যক্তিদের মধ্যে দোলনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে সজীব নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে।পদবঞ্চিত পুলক হোসেন অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা অগণতান্ত্রিক উপায়ে স্থানীয় আওয়ামী লীগের চাপে পকেট কমিটি ঘোষণা দিয়েছেন। সভাপতি পদে নির্বাচিত ফখরুল ইসলাম একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। আর সাধারণ সম্পাদক পদে ঘোষিত ফয়সাল আহমদ টেন্ডার-সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাঁর নামে আয়কর প্রত্যয়ন (নম্বর ৪৬৮-১০৭-৭৮১১) রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ফখরুল ইসলাম ছাত্র সংগঠনে থাকা অবস্থায় চাকরি সম্পর্কে বলেন, ‘জরুরি অবস্থায় সামরিক বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাদেশে চাকরি নিয়েছিলাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে চাকরি ছেড়ে আবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই।’অন্যদিকে আয়কর প্রত্যয়ন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে ফয়সাল আহমদ বলেন, ‘আমাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে একটি মহল আয়কর প্রত্যয়নপত্র তৈরি করে প্রচার করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি ঠাকুরগাঁও সরকারি কলেজের একজন নিয়মিত ছাত্র। কখনো ঠিকাদারির সঙ্গে জড়িত ছিলাম না।’ ঠাকুরগাঁও কর সার্কেল অফিস ফয়সাল আহমদের আয়কর প্রত্যয়নপত্র ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তির আবেদনের সত্যতা নিশ্চিত করেছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সম্মেলনে পদপ্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই করে যোগ্যতা ও সংগঠনের প্রতি আনুগত্য বিবেচনা করেই জেলা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কারও নামে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটি বিচার করে সিদ্ধান্ত নেবে।