ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে ট্রাকচালক!
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে অহিদুল ইসলাম নামের একজন ট্রাকচালককে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান, ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সঙ্গে আলোচনার পর মির্জা ফখরুলের উপস্থিতিতে রাজিব আহসান জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এরপর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘ঘোষিত কমিটিতে একজন ট্রাকশ্রমিককে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন ছাত্রনেতা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু যে কখনো কলেজে পা দেয়নি, এমন একজন শ্রমিকের কাছ থেকে এসব কী করে আশা করবেন?’
পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রিপন ইসলাম বলেন, ‘দলের বড়রা যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এখন আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, অহিদুল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্য। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিস্টার খাতায় অহিদুলের নামের পাশে তাঁর পদবি দেখানো হয়েছে চালক হিসেবে। সেখানে তাঁর একটি ছবিও এঁটে দেওয়া আছে।
জানতে চাইলে অহিদুল ইসলাম বলেন, তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর নামে একটি ট্রাকও আছে। তাই অনেকেই তাঁকে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে রং দিতে চাচ্ছেন। তিনি ২০০৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাসের পর তিনি ২০১২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক (ডিগ্রি) কোর্সে ভর্তি হন।
তবে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ভুট্টু মিয়া বলেন, ‘অহিদুল কিছুদিন আগেও নিজের ট্রাক চালাতেন। এখন টাকা-পয়সা হয়ে যাওয়ায় আর ড্রাইভারি করেন না।’
জেলা বিএনপির আহ্বায়ক মো. তৈমুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
তবে জেলা যুবদলের সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, নেতা-কর্মীদের ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্য দেখে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য কি না, তা তাঁর জানা নেই।