ঠাকুরগাঁও জেলায় ২০০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংক এনএ’র সহায়তায় কম্বলগুলো হরিপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন এবং ঠাকুরগাঁও পৌরসভার ৫০ শীতার্ত মানুষের মাঝে গতকাল সোমবার বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার সদস্যরা।
ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে এবং হরিপুরের দুটি স্থানে কম্বলগুলো বিতরণ করা হয়। হরিপুরের স্থান দুটি হলো তোররা সাতাহারা প্রাথমিক বিদ্যালয় ও রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তোররা সাতাহারা প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল জলিলের স্ত্রী নাজমা বেগম। তিনি বলেন, প্রথম আলো সব সময় গরিব–দুঃখীর পাশে থাকে। দেশের অবহেলিত অঞ্চল ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করায় প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশের বিত্তবান ব্যক্তিদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের বৃদ্ধা রহিমা বেওয়া (৯০) বলেন, ‘আগত হামাক কায়ো কম্বল দেয়নি, জারত দর দর করি কাপিছিনু। এলা কম্বল খান উরিমো (গায়ে দিবো), জার বাপ বাপ করিয়া পালায়ে যাবে।’