ঠাকুরগাঁও টিসিবি পণ্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঈদুল আজহা সামনে রেখে সারা দেশে ট্রাকে করে সরকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে। শুধু ব্যতিক্রম ঠাকুরগাঁও। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঠাকুরগাঁওয়ের কোনো ডিলার এ কার্যক্রমে সাড়া না দেওয়ায় জেলাটিতে খোলাবাজারে পণ্য বিক্রি হচ্ছে না। এতে বেশি দাম দিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
খালপাড়া মহল্লার বাসিন্দা রিকশাচালক রমজান আলী বলেন, ঈদ আসছে। চিনি, পেঁয়াজ কিনতে হচ্ছে। বাজারে সবকিছুর দাম বেশি। টিসিবির কার্যক্রম চালু না থাকায় তাঁদের প্রতি কেজি পেঁয়াজ ৬৫ টাকা দরে কিনতে হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান বলেন, ‘ঠাকুরগাঁওয়ে টিসিবির ডিলাররা পণ্য তুলে সরবরাহ করলে সাধারণ নাগরিকদের বাজার থেকে বেশি দামে পণ্য কেনার প্রয়োজন হতো না।’
টিসিবির রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে ট্রাকের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি চিনি ৩৭, সয়াবিন তেল ৮৯ ও পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ডিলাররা বলছেন, টিসিবির পণ্য বিক্রি লাভজনক না হওয়ায় তাঁরা বরাদ্দ তোলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাঁদের ভাষ্য, ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রি অলাভজনক। রংপুর থেকে পণ্য এনে যে দামে বিক্রি করতে হয়, তাতে পরিবহনের ব্যয়ই ওঠানো যায় না। তা ছাড়া অনেক পণ্যের মূল্য বাজারমূল্যের সমান। অথচ রংপুর ও আশপাশের জেলায় যে দামে টিসিবির পণ্য বিক্রি করা হয়, ঠাকুরগাঁওসহ উত্তরের দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারীসহ অন্যান্য জেলার ডিলারদেরও একই মূল্যে বিক্রি করতে হয়। এতে একটা অসম অবস্থার সৃষ্টি হয়।
ঠাকুরগাঁওয়ের টিসিবির ডিলার প্রদীপ কুমার সেন দাবি করেন, ‘টিসিবির পণ্য বিক্রি অলাভজনক। অনেক সময় মালামালের মান খুবই খারাপ থাকে। এসব বিবেচনা করে আর মালামাল তুলছি না।’ এখন তিনি ডিলারশিপ প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছেন বলে জানান।
টিসিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধান কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, আশপাশের অনেক জেলার ডিলাররাই টিসিবির আহ্বানে সাড়া দেননি। দূরত্ব বিবেচনায় তাঁদের কমিশন দেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও সাড়া পাওয়া যায়নি। পরপর দুই বরাদ্দের পণ্য তোলা না হলে ডিলারশিপ বাতিলের কথা থাকলেও ডিলারদের চূড়ান্তভাবে অনুরোধ করে চিঠি পাঠানো শুরু হয়েছে। এরপরও সাড়া না পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের কার্যক্রম শুরু করা হবে। টিসিবির নীতিমালা অনুযায়ী পরপর দুটি বরাদ্দের পণ্য তুলতে ব্যর্থ হলে জামানত ও ডিলারশিপ বাতিলের বিধান আছে।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে টিসিবির ১৫ জন ডিলার রয়েছেন। গত রমজানের শুরুতে জেলায় দুজন ডিলার পণ্য বিক্রি করেন। টিসিবি থেকেও জেলা প্রশাসন কার্যালয়ে চিঠি দিয়ে তা জানানো হয়েছিল। কিন্তু এবার কতজন ডিলার মালামাল বিক্রি করছেন, তা জানানো হয়নি।