ঠাকুরগাঁও-ঢাকা বাস চলাচল বন্ধ দুই দিন
ঠাকুরগাঁও-ঢাকা রুটে সব বাস চলাচল গত সোমবার থেকে বন্ধ রয়েছে। ঠাকুরগাঁও ও ঢাকার বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে জেলার শত শত ঢাকাগামী যাত্রী দুর্ভোগে পড়েছে। জানা গেছে, সম্প্রতি ঢাকা থেকে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রোজিনা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। কিন্তু ঠাকুরগাঁও জেলা বাস মালিক সমিতির পক্ষে রানীশংকৈলের কিছু মোটরশ্রমিক রোজিনা এন্টারপ্রাইজের বাস চলাচলে জেলা মালিক সমিতির অনুমতি নেই, এ অভিযোগ এনে ওই বাস চলাচলে বাধা দেন। গত কিছুদিনে কয়েক দফা বাধার মুখে ঢাকা-ঠাকুরগাঁও রুটে যাত্রী পরিবহন করতে না পেরে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এক চিঠিতে ঠাকুরগাঁও জেলার সব ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। এই চিঠি পেয়ে গত সোমবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ রাখে ঠাকুরগাঁও বাস মালিক সমিতি। ঠাকুরগাঁওয়ের বাবলু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসিবুল রহমান বলেন, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অবৈধভাবে ঠাকুরগাঁওয়ের বাসগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে চেষ্টা করেও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এরশাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দীন জানান, রোজিনা পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচলে অনুমতি চেয়ে ঠাকুরগাঁও জেলা বাস মালিক সমিতির কাছে কয়েক দফা চিঠি দেওয়ার পরও তারা জবাব দেয়নি। তাই অনন্যোপায় হয়ে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় থেকে সব দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীরা বিড়ম্বনায় পড়েছে।