ঠাকুরগাঁও-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও–ঢাকা আন্তনগর ট্রেন যোগাযোগ চালুর দাবিতে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয় l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁও–ঢাকা আন্তনগর ট্রেন যোগাযোগ চালুর দাবিতে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয় l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তনগর ট্রেন যোগাযোগ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘নাগরিক অধিকার আন্দোলন, ঠাকুরগাঁও’ এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। পরে ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত নড়বড়ে রেলপথের আধুনিকায়ন ঘটানোর প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ওই পর্যন্ত রেললাইন ডুয়েলগেজ রূপান্তরিত করা হয়েছে। চলতি বছরের শুরুতে কাজ শেষ হয়। কাল শনিবার এই ডুয়েলগেজ রেললাইনে (পার্বতীপুর থেকে পঞ্চগড়) ব্রডগেজের এক জোড়া আন্তনগর শাটল ট্রেন উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এ খবর জানতে পেরে ঠাকুরগাঁওয়ে জনমানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ঠাকুরগাঁও-ঢাকা পথে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে নাগরিক অধিকার আন্দোলন গতকাল মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সকালে শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এস এম আতাউর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, নারী কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মমিন উর রহমান, সাংবাদিক মনসুর আলী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সাংস্কৃতিককর্মী মাসুদ আহমেদ, অমল কুমার টিক্কু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরাসরি ঢাকার সঙ্গে রেল যোগাযোগের বিষয়টি এ এলাকার মানুষের প্রাণের দাবি। অথচ এখন তার পরিবর্তে শাটল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পঞ্চগড়-ঠাকুরগাঁও থেকে যাত্রীদের দিনাজপুরে এনে একতা বা দ্রুতযান এক্সপ্রেস ধরিয়ে দেওয়া হবে। কিন্তু এ এলাকার মানুষ ‘দুধের স্বাদ ঘোলে’ মেটাতে চায় না। শাটল ট্রেন দেওয়ার সিদ্ধান্ত ঠাকুরগাঁওবাসী কোনোভাবেই মানবে না। দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। আন্দোলনকারীরা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, ঠাকুরগাঁও-ঢাকা পথে সরাসরি আন্তনগর ট্রেন যোগাযোগ চালুর দাবি-সংবলিত একটি স্মারকলিপি তিনি পেয়েছেন। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।