ঠাকুরগাঁও থেকে ফেরত গেছে গম, হাজীগঞ্জ থেকে টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টেস্ট রিলিফ) প্রকল্পের ১৫৮ দশমিক ৩২২ মেট্রিক টন গম ফেরত গেছে। স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের অভাবে গম ফেরত গেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির সোয়া চার লাখ টাকা ফেরত গেছে।গম ফেরত যাওয়ায় ঠাকুরগাঁওয়ের ১৩১টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছর ঠাকুরগাঁও সদর উপজেলায় টেস্ট রিলিফ কর্মসূচির আওতায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ওই পরিমাণ গম বরাদ্দ দেওয়া হয়। এর বিপরীতে ১৩১টি প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্প ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের কথা। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় গত ১৬ জুন বরাদ্দপত্র জেলা প্রশাসকের দপ্তরে পাঠায়। জেলা প্রশাসক বরাদ্দপত্রটি সদর উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠান। বরাদ্দপত্রে প্রকল্প তালিকা তৈরি করে ৩০ জুনের মধ্যে খাদ্যশস্য উত্তোলন করতে বলা হয়। উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, ওই বরাদ্দপত্র পেয়ে তিনি তাঁর পরিষদের দুই ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রকল্পের তালিকা তৈরি করেন। গত ২৬ জুন জেলা প্রশাসক প্রকল্পগুলো অনুমোদন দেন। গত ২৯ জুন গম তোলার বরাদ্দপত্র চাইতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, ‘এখন দেওয়া যাবে না। মন্ত্রী মহোদয়ের নিষেধ আছে।’ বরাদ্দপত্র না দেওয়ায় ফেরত যায় ওই গম ।উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, এ ঘটনার পর তিনি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে কথা বলেন। মন্ত্রী সে সময় জানান, প্রকল্প বাস্তবায়নের সময় পেরিয়ে গেছে। বরাদ্দপত্র দেওয়া যাবে না। ইউএনও তৌহিদুল ইসলাম জানান, বরাদ্দপত্র প্রদানে সমস্যার সৃষ্টি হয়েছিল বলে তা দেওয়া হয়নি। তবে কী সমস্যা—তা তিনি জানাননি। জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ দেওয়া গম তুলে কাজ করা হয়নি বলে তা ফেরত গেছে। এ ব্যাপারে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।চাঁদপুরের হাজীগঞ্জে প্রকল্পের কাজে অনিয়ম ও সময়মতো কাজ শেষ করতে না পারায় সোয়া চার লাখ টাকা ফেরত গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে অতি দরিদ্রদের পুনর্বাসনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ১০ মার্চ ৪৯ লাখ দুই হাজার টাকা বরাদ্দ দেয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৮১৭ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক দৈনিক ১৫০ টাকা করে টানা ৪০ দিন কাজ করার কথা। উপজেলার তিনটি ইউনিয়নে নেওয়া প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়। ইউএনও গাউছুল আজম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম এসব প্রকল্প পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পান। পিআইও কার্যালয়ের অফিস সহকারী রাধাশ্যাম পাল জানান, উপজেলার গন্ধর্ব্যপুর (দ.), বাকিলা ও কালচোঁ (দ.) ইউনিয়ন থেকে চার লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। হাজীগঞ্জের ইউএনও গাউছুল আজম বলেন, যেসব প্রকল্পের টাকা ফেরত দেওয়া হয়েছে বাস্তবিক অর্থে সেসব প্রকল্পে কোনো কাজ হয়নি।