ঠাকুরগাঁও থেকে বিআরটিসি বাসে উঠতে বাধা
ঠাকুরগাঁওয়ে পঞ্চগড়গামী যাত্রীদের বিআরটিসি বাসে চড়তে বাধা দিয়ে মালিক সমিতির লোকেরা নিজস্ব বাসে চলাচলে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পঞ্চগড়গামী যাত্রীরা সাত দিন ধরে বিআরটিসি বাসে চলাচল করতে পারছে না। যাত্রীরা লোকাল বাসে গাদাগাদি করে পঞ্চগড় যাচ্ছে।ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারের ব্যবস্থাপক মমতাজ হোসেন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ২০০৩ সালে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঠাকুরগাঁও শহরে কাউন্টার দেয়। এই কাউন্টার থেকে বর্তমানে পঞ্চগড়, রংপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, কুমিল্লা, নড়াইল, বরিশাল ও যশোরসহ দেশের বিভিন্ন সড়কপথে ২০টি বাস চলাচল করছে। অন্য বাস সার্ভিসের তুলনায় বিআরটিসির বাসের সেবার মান ভালো। তাই যাত্রীদের মধ্যে বিআরটিসির বাস জনপ্রিয় হয়ে ওঠে। গত ৩১ ডিসেম্বর সকালে স্থানীয় মালিক সমিতির লোকজন পঞ্চগড়ের যাত্রীদের বিআরটিসি থেকে নামিয়ে নিয়ে নিজস্ব বাসে চড়তে বাধ্য করে। এর প্রতিবাদ করলে মালিক সমিতির লোকেরা বাসচালক, সুপারভাইজার ও কাউন্টারের লোকজনকে মারধর করে এবং হুমকি দেয়।মমতাজ হোসেন আরও জানান, গত রোববার বিষয়টি মীমাংসার জন্য একটি সমাঝোতা সভা হয়। সভায় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক রমজান আলী, বিআরটিসি রংপুর ডিপোর আবদুল মবিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান উপস্থিত ছিলেন।জেলা মোটর মালিক সমিতির সড়ক সম্পাদক মির্জা মেজবা উল হক বলেন, বিআরটিসির বাসে দূরপাল্লার যাত্রীদের বহনের নিয়ম আছে। কিন্তু বিআরটিসির বাসে এখন লোকাল যাত্রী বহন করা হচ্ছে। এতে জেলার মোটর মালিকেরা প্রতিদিন লোকসান দিয়ে গাড়ি পরিচালনা করছেন। পঞ্চগড়ের ময়দানদীঘি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আফতাবুল আলম বলেন, ‘অন্যান্য বাসের চেয়ে আরামদায়ক ও ভাড়া কম বলে আমরা ঠাকুরগাঁও থেকে প্রতিদিন বিআরটিসি বাসে যাতায়াত করি। গত ৩১ ডিসেম্বর সকালে কলেজে যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টারে এলে আমাদের বাসে চড়তে বাধা দেওয়া হয়।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, গত রোববার রাতে জেলা মোটর মালিক সমিতি ও বিআরটিসি কর্তৃপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে। আলোচনায় লোকাল যাত্রী পরিবহন বন্ধ করে পঞ্চগড়ের যাত্রীদের বিআরটিসি বাসে চলাচল করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ জানান, যাত্রীদের পছন্দমতো বাসে চলাচলের অধিকার আছে। যাত্রীদের চলাচলে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে।