ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুর চিনিকলে আখমাড়াই শুরু
গুদামে অবিক্রীত সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি রেখে গতকাল শুক্রবার ঠাকুরগাঁও চিনিকলের ৫৭তম আখমাড়াই মৌসুম শুরু হয়েছে।
একই দিন পঞ্চগড় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে আখমাড়াই শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুম উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৮০ হাজার টন আখমাড়াই করে ৫ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১১-২০১২ থেকে ২০১৩-২০১৪ মাড়াই মৌসুম পর্যন্ত ১৯ হাজার ৫৫৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। গত তিন মৌসুমের উৎপাদিত চিনির মধ্যে ৭ হাজার ৭৯০ মেট্রিক টন চিনি বিক্রি করা সম্ভব হয়েছে। গুদামে এখন প্রায় ১২ হাজার মেট্রিক টন চিনি পড়ে আছে। গুদামে পড়ে থাকায় চিনির গুণগত মান নষ্ট হয়ে গেছে।
চিনিকলের ডিলার ইয়াকুব আলী জানান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসআইসি) মিল গেট থেকে প্রতি কেজি চিনি ৩৭ টাকা দরে বেঁধে দিয়েছে। কিন্তু বাজারে এখন আমদানি করা চিনি ৩৫-৩৬ টাকায় পাওয়া যাচ্ছে। আবার বেসরকারি চিনিকলের চিনি পরিষ্কার বলে ক্রেতারা সরকারি চিিনকলগুলোর চিনি কিনতে চান না।
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ বলেন, আমদানি করা চিনির বাজারদর রাষ্ট্রীয় চিনিকলগুলোর চিনির চেয়ে কম হওয়ায় বিক্রি হচ্ছে না। সরকার চিনির আমদানি শুল্ক বাড়িয়ে দিলে রাষ্ট্রীয় চিনিকলগুলো রক্ষা পাবে। দিনের পর দিন চিনি বিক্রি হচ্ছে না বলে তহবিল-সংকটে পড়ে আখচািষদেরও সময়মতো আখের মূল্য পরিশোধ করা যাচ্ছে না।
পঞ্চগড়: গতকাল বিকেলে পঞ্চগড় চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের নাজমুল হক প্রধান। চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৯৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ রংপুর চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন। পরে চিনিকল চত্বরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেকের সভাপতিত্বে সভা হয়। চিনিকল সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।