ঠাকুরগাঁও, পাবনা ও নীলফামারীতে পৃথক ঘটনায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে ঠাকুরগাঁও ও পাবনায় শিশুসহ দুজন খুন হয়েছে। এদিকে নীলফামারীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ঠাকুরগাঁও: বড় ভাইয়ের সঙ্গে কলহের জের ধরে আসাদ (৬) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পূর্ব জামুরীপাড়ায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের হামিদুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার বিকেল থেকে আসাদ নিখোঁজ হলে একই গ্রামের সোহেলকে (২০) আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় ব্যক্তিরা। রাতেই তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রোববার ভোরে পূর্ব জামুরীপাড়ার একটি আখখেত থেকে আসাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

বেড়া (পাবনা): পাবনার বেড়া পৌর এলাকার বাঙাবাড়িয়া মহল্লায় শনিবার রাত আটটার দিকে আত্তাব হোসেনের (৩২) সঙ্গে ভাগনে ফারুক হোসেনের (২৮) মারামারি হয়। নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী জানান, পারিবারিক কলহের একপর্যায়ে ফারুক লাঠি দিয়ে আত্তাবকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তিনি মারা যান। বেড়া মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় রোববার বেলা দুইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

নীলফামারী: ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে আবাদি জমি নিয়ে ইয়াছিন আলীর সঙ্গে সামছুল ইসলামের বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমির পাশের জমিতে ইয়াছিনের ছেলে হেসানুল ইসলাম (৪০) কৃষিকাজ করছিলেন। খবর পেয়ে সামছুলের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হেসানুলকে মারধর করে দুটি গরু নিয়ে যায়। পরে ইয়াছিনের লোকজন এলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে হেসানুল মারা যান। আহত ব্যক্তিদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় ইয়াছিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রফিকুল ইসলাম (৩৫), জাকারিয়া (২৫), মফিজ উদ্দিন (৫০), আবদুল লতিফ (৩৫) ও অফেজা খাতুন (৫৫)।