ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। গতকাল বুধবার জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঠাকুরগাঁওয়ে হানাদারমুক্ত দিবসটি পালন করে।
সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধার নামসংবলিত স্মৃতিস্তম্ভে কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ফজলুল করীম। সাড়ে ১০টায় বের হয় মুক্তিশোভাযাত্রা। শোভাযাত্রটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মুক্তিযুদ্ধে প্রথম শহীদ মোহাম্মদ আলী, অপরাজেয় ৭১ ও নরেশ চৌহানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, বেলা তিনটায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, চারটায় অঙ্গীকার নাট্য নিকেতন, থিয়েটার ল্যাব ও নিশ্চিন্তপুর থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধের মুক্ত নাটক প্রদর্শনী, পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে গতকাল বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ও পীরগঞ্জ প্রেসক্লাব যৌথভাবে মুক্তির শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে পূর্ব চৌরাস্তায় শেষ হয়। মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, উদীচী, দোয়েল ইস্কুল, আদিবাসী ফোরাম ও কবি পরিষদ এ শোভাযাত্রায় অংশ নেয়।
প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।