ঠাকুরগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ ওরফে আপেলকে গতকাল বুধবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা শহরের একটি বাড়ি দখলের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গতকাল বাংলাদেশ যুবলীগের সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের শৃঙ্খলা পরিপন্থী কাজে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদের সংশ্লিষ্টতা-সম্পর্কিত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ (১০ মার্চ) আবদুল মজিদকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মার্চের মধ্যে সংগঠনের চেয়ারম্যান বরাবর কারণ দর্শাতে হবে। এ ব্যাপারে আবদুল মজিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের ক্ষমতাকে ব্যবহার করে আমি কোনো কিছু করিনি। সেটা ছিল পারিবারিক বিষয়। তবে সংগঠনের সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। আমি ২৫ মার্চের মধ্যে দলের চেয়ারম্যানের কাছে আমার সুনির্দিষ্ট বক্তব্য দেব।’ঠাকুরগাঁও শহরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরীর বাড়িটির মালিকানা দাবি করে গত শুক্রবার সকালে এটি দখল করে নেয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী। অবশ্য দখলের পর সেখানে স্থাপন করা সাইনবোর্ড ও ছাপরাঘর ওই রাতেই সরিয়ে ফেলা হয়।