ঠাকুরগাঁও শহরে একটু বৃষ্টিতেই হাঁটুপানি
একটু বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে শহরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
শহরবাসীর অনেকে জানান, গত রোববার বেলা পৌনে ১১টার দিকে আধা ঘণ্টার বৃষ্টিতে শহরের বঙ্গবন্ধু সড়কের চৌরাস্তাসহ অনেক জায়গায় পানি জমে যায়। সড়কের পাশের নর্দমা থেকে ময়লা পানি সড়কে চলে আসে। এতে তাঁদের চরম দুর্ভোগে পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা হাঁটুপানি ভেঙে দোকানে দোকানে যাচ্ছে। শিক্ষার্থীরা জমে থাকা নোংরা পানি পাড়ি দিয়ে বিদ্যালয় থেকে ফিরছে। এ ছাড়া নরেশ চৌহান সড়কের হলপাড়ার বিভিন্ন সংযোগ সড়ক, পূর্ব গোয়ালপাড়ার বিভিন্ন সড়ক এক থেকে দুই ফুট পানির নিচে ডুবে আছে। পূর্ব গোয়ালপাড়ার নর্দমার পানি রাস্তায় উঠে এসেছে।
ঠাকুরগাঁও কালেক্টরেট বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌস আরা নাজনীন জানায়, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নোংরা-দুর্গন্ধময় পানি কাপড়চোপড়ে লাগলে তা থেকে দুর্গন্ধ বের হয়। অস্বস্তি লাগে।
হলপাড়ার বাসিন্দা স্বপন কুমার শীল জানান, বছর খানেক হলো এলাকায় নতুন নর্দমা নির্মাণ করা হয়েছে। তবু রাস্তায় পানি জমে যাচ্ছে। নর্দমা নির্মাণ করলেও এর সংযোগমুখ বন্ধ থাকায় পানি সরছে না।
চৌরাস্তা এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, শহর নিয়ে পৌরসভার কোনো পরিকল্পনা নেই। এ কারণে অধিবাসীরা যেভাবে পারছে, জায়গা দখল করে নিচ্ছে; আবার অনেকেই পৌর নিয়ম না মেনে স্থাপনা নির্মাণ করছেন। এতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
শহরের হলপাড়ার বাসিন্দা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু বক্কর মোস্তাক আলম জানান, পানিনিষ্কাশন ব্যবস্থাপনায় পৌরসভা একেবারেই ব্যর্থ। তারা পানিনিষ্কাশন ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত পদ্ধতি না মেনে যত্রতত্র নর্দমা নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র এস এম এ মঈন জানান, শহরের নর্দমাব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। পরিকল্পনা থাকলেও পৌরবাসীর অসহযোগিতার কারণে নতুন নর্দমা নির্মাণ করা যাচ্ছে না। অনেকে মাটি ফেলে নর্দমার মুখ বন্ধ করে রেখেছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যাচ্ছে। পৌরবাসীর সহযোগিতা না পেলে এ সমস্যা দূর করা সম্ভব নয়।