ঠাকুরগাঁও শহরে গরু-ছাগলের অবাধ বিচরণ
গরু-ছাগলের অবাধ বিচরণ ও উৎপাতে ঠাকুরগাঁও শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় এ বিষয়ে আলোচনা হয়। শহরে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধ করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে বলে সভায় জানান পৌর মেয়র এ এস এম মঈন। তবু উৎপাত বন্ধ হচ্ছে না।গত বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, শহরের আর্টগ্যালারি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বড়মাঠ, স্বর্ণকারপট্টি, আশ্রমপাড়া, কালীবাড়ি ও ঘোষপাড়ায় অবাধে বিচরণ করছে গরু-ছাগলের দল। শহরের অনেক বাসিন্দা গরু-ছাগল পালন করেন। তাঁরা সেগুলো ছেড়ে দিয়ে রাখেন। শহরে এমন গরু-ছাগলের সংখ্যা দুই শতাধিক। এ কারণে এখানকার প্রধান সড়ক ও অলিগলিতে পথচারীরা ভোগান্তির শিকার হয়। অনেক সময় গরুর কারণে ছোটখাট দুর্ঘটনাও ঘটে বলে জানা গেছে।গোবিন্দনগরের সবজির আড়তদার পরিমল সরকার প্রথম আলোকে বলেন, অনেক সময় গরু দৌড়ে আড়তের ভেতরে চলে আসে। তাড়াতে গেলে শিং দিয়ে আঘাত করে। এ ছাড়া গরু-ছাগলের দল সবজি নষ্ট করে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে।এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার সচিব মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, শহরের গরুর খোঁয়াড়গুলো ঠিকমতো কাজে লাগালে উৎপাত কমে আসবে। এ ছাড়া মালিকবিহীন গরুগুলো নিলামে বিক্রির প্রস্তাব জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দেওয়া হবে বলে তিনি জানান।