ঠাকুরগাঁও শহরে নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ট্রাক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের ওই নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরের মূল সড়কে বিকট শব্দে চলছে ট্রাক্টর। শহরের ব্যস্ততম সড়কে বেপরোয়াভাবে এই যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে।
শহরবাসীর অনেকের অভিযোগ, পুলিশ প্রশাসনকে মাসোয়ারা দিয়ে শহরে অবৈধভাবে তিন শতাধিক ট্রাক্টর চলছে।
সম্প্রতি ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, কালীবাড়ি মোড়, নরেশ চৌহান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, চলাচলকারী মালবোঝাই ট্রাক্টরের কোনোটিরই লাইসেন্স নেই। এ ছাড়া ট্রাক্টরেরও কোনো নম্বর প্লেট নেই। কোনো কোনো ট্রাক্টর ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মালামাল বোঝাই করে বেপরোয়া চলাচল করছে। চালকের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং কিছু চালকের বয়সও খুব কম।
শহরের পুরোনো কবরস্থান এলাকায় এক ট্রাক্টরের চালক রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, চলছে একরকম ম্যানেজ করে। ব্যস্ত সড়কের মধ্যেও কেন দ্রুত ট্রাক্টর চালান—মাটি টানা ট্রাক্টরের চালক সাইফুল ইসলামকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খদ্দেরের চাহিদা অনুযায়ী দূর থেকে মাটি টেনে আনতে হয়। কম সময়ের মধ্যে যত বেশি মাটি আনতে পারব, ততই আমার লাভ। তাই একটু দ্রুত চালিয়ে যেতে হয়।’
এ সময় শহরের কলেজপাড়ার বাসিন্দা মনসুর আলম জানান, ট্রাক্টরগুলো অদক্ষ চালকদের হাতে থাকায় তাঁরা প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছেন। সম্প্রতি শহরের আর্ট গ্যালারি মোড়ে একটি আটোরিকশার ওপর ট্রাক্টর উঠে গেলে তিনজন গুরুতর আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টরচালক জানান, প্রতি মাসে প্রতিটি ট্রাক্টরের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা হারে পুলিশকে মাসোহারা দিতে হয়। মাসোহারা আদায় করে পুলিশের লাইনম্যান। জেলায় কতগুলো ট্রাক্টর চলছে, এর কোনো সঠিক হিসাব মোটরযান কার্যালয় বা পুলিশের কাছে নেই। তবে ট্রাফিক সার্জেন্ট ফারুক হোসেন ট্রাক্টর থেকে মাসোহারা আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, প্রায় প্রতিদিনই রাস্তায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। তবে কৃষিপণ্য বহনকারী যানবাহনের ক্ষেত্রে একটু শিথিলতা থাকলেও ওই সব যানবাহন কোনো অবস্থাতেই শহরের মূল সড়কে চলাচল করতে দেওয়া হয় না। পুলিশের সামনে দিয়েই শহরে এসব যানবাহন কীভাবে চলছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জনবল-সংকটের কারণে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বেলায়েত হোসেন জানান, জমি চাষের জন্য ভর্তুকি দিয়ে বিদেশ থেকে এসব ট্রাক্টর আনা হয়। কৃষিকাজ ছাড়া পরিবহনের কাজে এগুলোর ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু পেছনে ট্রলি লাগিয়ে এগুলো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, কৃষিকাজের জন্য আনা ট্রাক্টর পরিবহন হিসেবে চালানো পুরোপুরি বেআইনি।
ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবলুর রহমান জানান, তাঁদের সমিতির আওতায় শহরে ৩০৯টি ট্রাক্টর চলাচল করে। এ ছাড়া উপজেলাগুলোতে আরও দুই শতাধিক ট্রাক্টর রয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এর পরও দিন-রাত শহরের ব্যস্ত সড়কে নছিমন, করিমন ও ট্রাক্টর চলছে।