ঠাকুরগাঁও শহরে সেতুর নিচ থেকে বালু উত্তোলন
ঠাকুরগাঁও শহর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদের ওপর নির্মিত পুরোনো লোহার সেতুর নিচ থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে সেতুটি। নির্মাণাধীন জেলা সার্ভার স্টেশনের মাটি ভরাট করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার এই বালু তুলছেন।জানা গেছে, নির্বাচনী তথ্যসেবা সহজলভ্য করার জন্য শহরের কলেজপাড়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে জেলা সার্ভার স্টেশনের নির্মাণকাজ ২০১২ সালের এপ্রিল মাসে শুরু হয়। নীলফামারীর ঠিকাদার সোহেল পারভেজ এর কাজ পান। তিনি মূল ঠিকাদার হলেও স্থানীয় ঠিকাদার হিসেবে মো. আইনাল হক কাজটি করছেন। আইনাল হক স্টেশনটির অবকাঠামোর নিচে মাটি ভরাটের জন্য স্থানীয় কয়েকজন তরুণকে দায়িত্ব দেন। তাঁরা ওই লোহার সেতুর নিচ থেকে গত সোমবার থেকে বালু উত্তোলন শুরু করেন।বালু ভরাটকাজের তত্ত্বাবধানে থাকা জাকির হোসেন বলেন, প্রতি বর্গফুট বালু তোলার জন্য চার টাকা দেওয়া হবে বলে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। ২০ থেকে ২৫ দিনের মধ্যে বালু তোলার কাজ শেষ হবে। খননযন্ত্র বসানোর আগে তিনি ঠিকাদারকে সেতু ও শহররক্ষা বাঁধ এলাকা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান। পরে ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে বালু উত্তোলনের জন্য অনুমতি নেন।কলেজপাড়ার বাসিন্দা আবদুল জব্বার বলেন, টাঙ্গন নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত হয় লোহার এই সেতু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী এই সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখন সেতুটির অবকাঠামো একবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। রিকশা উঠলেই সেতুটি কেঁপে ওঠে। এর নিচ থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে যেকোনো সময় সেতুটির স্তম্ভ ভেঙে যেতে পারে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, সেতুটি অনেক পুরোনো। এর অবকাঠামোও নড়বড়ে হয়ে পড়েছে। সেতুর নিচ থেকে বালু তোলা হলে এর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।মো. আইনাল হক জানান, পাউবোর অনুমতি নিয়েই তিনি নদে খননযন্ত্র বসিয়েছেন। সেতুর ক্ষতি হলে খননযন্ত্র সরিয়ে নেওয়া হবে।ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নৈমুল হক বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার মৌখিকভাবে অনুমতি নিয়েছেন। তবে তাঁরা সেতুর নিচ থেকে বালু তুলছেন কি না, তা তিনি জানেন না। তাঁদের বাঁধ ও সেতুসংলগ্ন এলাকায় বালু তুলতে নিষেধ করা হয়েছিল। সেখানে লোক পাঠিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।