ঠাকুরগাঁও শহরে ১২ অবৈধ স্ট্যান্ড, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সড়কে দাঁড়িয়ে গতকাল অটোরিকশা ও ইজিবাইক যাত্রী তুলছে। এসব যান সরাতে পুলিশ সদস্যদের ব্যস্ত থাকতে হয় l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সড়কে দাঁড়িয়ে গতকাল অটোরিকশা ও ইজিবাইক যাত্রী তুলছে। এসব যান সরাতে পুলিশ সদস্যদের ব্যস্ত থাকতে হয় l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও ইজিবাইকের ১২টি অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এ কারণে যানবাহনের চালকেরা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছেন। ফলে শহরজুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
জেলা থ্রি-হুইলার ও ইজিবাইক মালিক সমিতি ও পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে প্রায় পাঁচ হাজার থ্রি-হুইলার-ইজিবাইক চলাচল করে। এসব যানবাহনের নির্দিষ্ট কোনো স্ট্যান্ডের অনুমোদন নেই।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারির মোড়, সত্যপীর সেতু, পুরোনো বাসস্ট্যান্ড, গড়েয়া সড়ক এবং ঠাকুরগাঁও রোড এলাকার সড়কে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলো ঘুরে দেখা যায়, সড়কের ওপর যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও ইজিবাইক রাখার কারণে এসব স্থানে যানজট লেগে আছে।
চৌরাস্তা মোড়ের চারদিকজুড়ে রয়েছে অটোরিকশা ও ইজিবাইকের তিনটি স্ট্যান্ড। সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মোহাম্মদ আলী সড়কের চৌরাস্তার ওপর ৩৫টির মতো অটোরিকশা ও ইজিবাইক, বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের জেলা দায়রা জজ আদালতের প্রথম ফটক পর্যন্ত দুই পাশে শতাধিক এবং পূর্ব পাশের সড়কের বাঁ পাশে ২৫টির মতো অটোরিকশা ও ইজিবাইক দাঁড়িয়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সড়কের আর্ট গ্যালারি মোড়ে প্রায় ৫০টি থ্রি-হুইলার ও অটোরিকশা ছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে পুরোনো বাসস্ট্যান্ড, সত্যপীর সেতু ও গড়েয়া সড়কে প্রায় ২০০টি ডিজেলচালিত থ্রি-হুইলার, ইজিবাইক ও অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শহরের চৌরাস্তা থেকে ঠাকুরগাঁও রোড যাওয়ার সময় জেলা দায়রা জজ আদালতের সামনে যানজটে আটকে যান খাদেমুল ইসলাম। তিনি বলেন, শহরবাসীর জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সড়কের ওপর বিশৃঙ্খলভাবে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলো। সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে যানজট লেগেই থাকে। জেলা ট্রাফিক পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, এসব থ্রি-হুইলার-অটোরিকশা নিয়ন্ত্রণ করে দুটি মালিক সমিতি। মালিক সমিতির সদস্যরা প্রভাবশালী হওয়ায় এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ট্রাফিক পুলিশ সদস্য মো. আইনুল হক বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলো যেখানে-সেখানে স্ট্যান্ড করছে। এ কারণে এসব যানবাহনের পেছনেই দুই থেকে তিনজনকে লেগে থাকতে হচ্ছে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার হোসেন বলেন, সড়কের ওপর থেকে ইজিবাইক ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড সরানো গেলে শহর যানজটমুক্ত রাখা সম্ভব।
মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, পৌরসভার নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। শহরে যাতে অনুমোদনহীন অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযান চলানো হবে।