ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশের পর গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহামঞ্চদ আশফাকুর রহমান এক চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন। আজ সোমবার এখানে নির্বাচন হওয়ার কথা ছিল।
সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২১টি কেন্দ্রের অবস্থান পরিবর্তন ও নতুন সাতটি ভোটকেন্দ্র স্থাপন নিয়ে ২ মার্চ খসড়া ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়। ওই তালিকার বিরুদ্ধে জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর ১৯ মার্চ হাইকোর্টে রিট করেন। আদালত ভোটকেন্দ্রের অবস্থান পরিবর্তন ও নতুন কেন্দ্র স্থাপনের ওপর স্থগিতাদেশ জারি করেন এবং তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।
গত শনিবার নির্বাচন স্থগিত হওয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল রোববার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ গোলাম আজম মাইকের মাধ্যমে নির্বাচন স্থগিত হওয়ার খবর প্রচার করেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াত সহিংসতা করেছে, নির্বাচন কমিশন সেসব কেন্দ্রের অবস্থান পরিবর্তন করেছে। সেই সঙ্গে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আরও সাতটি কেন্দ্র নতুন করে স্থাপন করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে লিভ টু আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা কেন্দ্রের অবস্থান পরিবর্তনের পক্ষে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর ভোট গ্রহণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।