ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি যুবকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে নেপাল চন্দ্র (২৫) নামের বাংলাদেশি এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ধনতলা সীমান্তের ভারতীয় ভূখণ্ডে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন। নেপাল বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা গ্রামের উপেন চন্দ্রের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঠাকুরগাঁও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে ধনতলা সীমান্তের শূন্যরেখার ভেতরে নেপাল চন্দ্রের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। নেপালের বাবা উপেন চন্দ্র ছেলের লাশ শনাক্ত করে। তাঁর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উপেন চন্দ্র জানান, নেপাল কয়েক বছর থেকে মানসিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর জানান, সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ শনাক্ত করার পর বুধবার বেলা তিনটার দিকে ধনতলা সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর ভারতের ১৪ জিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ময়নাতদন্তের জন্য নেপালের লাশ নিয়ে গেছেন।