ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, তিন বাংলাদেশি আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি ও রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে গত শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।তাঁরা হলেন রানীশংকৈলের ভদ্রশ্বরী গ্রামের মো. খোকন (২৩) এবং বালিয়াডাঙ্গীর চড়ইগেদি গ্রামের মো. বাবুল (১৯) ও হাবিল উদ্দিন (২৪)।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এবং বাবুল ও হাবিল উদ্দিন রাত দুইটার দিকে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনজনই গুলিবিদ্ধ হন।ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের অপারেশন অফিসার মেজর আলমগীর হোসেন সীমান্তে দুজন বাংলাদেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আর তৃতীয় ব্যক্তির আহত হওয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন বলে জানান।সীমান্তে গুলি চালানোর এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।