ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল মালেক (৪৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলার জামুন-মশালডাঙ্গী গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার রাত ১০টার দিকে মালেক গরু আনার জন্য হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন।
এ সময় ভারতীয় ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মালেক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায়ই তিনি কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরত আসেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেসামরিক নাগরিকের ওপর গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। এর আগে শনিবার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে একরামুল হক নামে আরেক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে আহত হন।