ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল খালেক (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মারাধার গ্রামের আবদুর রহিমের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডুমালা সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আবদুল খালেকের পাঁজরে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবির পাড়িয়া সীমান্ত ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রেজাউল করিম জানান, পতাকা বৈঠক শেষে বিএসএফ ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের জন্য খালেকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।সন্ধ্যায় লাশ গ্রহণের জন্য অন্যান্যের সঙ্গে সীমান্তে অপেক্ষা করছিলেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে জানান, বিএসএফের কাছ থেকে লাশ ফেরত পাওয়ার পর ময়নাতদন্ত করে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।