ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাজিরুল হক (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরুল হক নগরভিটা সীমান্তের ৩৭৬ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকায় শনিবার ভোর তিনটার দিকে যান। এ সময় বিএসএফের তিনগাঁও ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান হাজিরুল। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যা করার ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। এরপর সকাল নয়টায় বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নাগরভিটা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বরকত আলী জানান, বিএসএফ ঘটনা তদন্তের জন্য পতাকা বৈঠক শেষে হাজিরুলের লাশ ভারতে নিয়ে যায়। লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। হাজিরুল বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ দোয়ারী সমিরনগর গ্রামের মৃত পোগলার ছেলে।