ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে পতাকা বৈঠক হয়েছে। এতে উভয় পক্ষ সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠকটি মলানী সীমান্তের ৩৭৪ নম্বর পিলারের কাছে নাগর নদের পাড়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দিবাকর কুমার।
বিজিবির ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীল রাখার ব্যাপারে উভয় পক্ষের প্রচেষ্টা অব্যাহত রাখা, সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখা এবং সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ না করে মানবিক আচরণ প্রদর্শন করার জন্য বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টকে আহ্বান জানানো হয়। বিএসএফের প্রতিনিধিদল এসব বিষয়ে একমত পোষণ করেছে।