ঠাকুরগাঁও হাসপাতাল নিজেই রুগ্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর হাসপাতালের সদ্যোজাত শিশু ও প্রসূতি ওয়ার্ডে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। গতকাল দুপুরের চিত্র l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর হাসপাতালের সদ্যোজাত শিশু ও প্রসূতি ওয়ার্ডে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। গতকাল দুপুরের চিত্র l প্রথম আলো

রোববার দুপুর ১২টা। ঠাকুরগাঁও সদর হাসপাতালের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বোটকা দুর্গন্ধে হঠাৎ অসুস্থ বোধ হলো। বারান্দাগুলোতে গিজগিজ করছে মানুষ। দেয়ালগুলোর খুব উঁচুতে প্রায় ছাদের কাছে অনেক দূরে দূরে জ্বলছে বৈদ্যুতিক বাতি, সেসবের আলো যেন ময়লা মেঝে পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাই ভালো করে দেখা যাচ্ছে না মানুষগুলোর মুখ, যাদের অধিকাংশই নারী, অধিকাংশেরই কোলে কিংবা পাশে একটি-দুটি করে শিশু।
কোথায় ডাক্তার, কোথায় নার্স। বারান্দার দুপাশের ঘরগুলোর দরজায় দরজায় শুধুই রোগী আর তাদের স্বজনদের ভিড়। ভিড় ঠেলে ঢুকে পড়লাম ‘বহির্বিভাগ, শিশু’ লেখা একটা ঘরের ভেতরে। ছোট্ট একটি টেবিলের পেছনে চেয়ারে বসে আছেন সালোয়ার-কামিজ পরা এক তরুণী, আর চারদিক থেকে তাঁকে মৌমাছির মতো ঘিরে আছেন শিশু কোলে মায়েরা। ‘ডাক্তার কোথায়?’ আমার প্রশ্নে বিরূপ হলো তরুণীর মুখ, গম্ভীর সুরে বললেন, ‘আমিই ডাক্তার।’
‘আপনার পদের নাম কী?’
‘মেডিকেল অফিসার।’
পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের অফিস রুমে গিয়ে জানতে পারি, জিন্নাত পারভীন নামের এই চিকিৎসকের পদায়ন এই হাসপাতালে নয়। এখানে চারটি মেডিকেল অফিসারের পদের সবগুলোই শূন্য আছে বলে তাঁকে ডেকে আনা হয়েছে এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। অসুস্থ, কান্না ও গোঙানিরত শিশু ও তাদের নাছোড় মায়েদের ভিড়ে বেচারির দশা দিশেহারা। তবু নিজের সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করলাম, এত অসুস্থ শিশুর ভিড় এখানে, তাদের অসুখগুলো কী? ডাক্তার বললেন: জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, পেটব্যথা, ঘা, একজিমা...বলতে বলতে তাঁর দম ফুরিয়ে গেল।
বেরিয়ে এসে বারান্দার ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করলাম। ‘পরীক্ষাগার’ লেখা একটা ঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম, মলিন শাড়ি পরা এক নারী সুঁই ফোটাচ্ছেন এক বৃদ্ধের আঙুলে। জিজ্ঞেস করে জানা গেল, তিনি রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষাগারের ল্যাব অ্যাটেনডেন্ট। তাঁর হাতে নেই গ্লাভস, মুখে নেই মাস্ক, পরনে নেই অ্যাপ্রন। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কেন রক্ত নিচ্ছেন? এটা কি আপনার দায়িত্ব?’ তিনি স্পষ্টতই ভয় পেয়ে গেলেন, তারপর কৈফিয়তের সুরে বললেন, ‘আমিই তো নেই।’
‘রক্ত পরিসঞ্চালন কেন্দ্র’ লেখা একটা ঘরের দরজায় দাঁড়িয়ে দেখি, সাবানগোলা পানি ঢেলে মেঝে ঘষামাজা করা হচ্ছে। আরেকটি কক্ষের দরজায় সারি ধরে দাঁড়ানো নারীদের জিজ্ঞেস করে জানা গেল, কেউ এসেছেন বুকের ব্যথা নিয়ে, কেউ কোমরের ব্যথা নিয়ে, কেউ প্রচণ্ড কাশি নিয়ে, কাউকে বিড়াল কামড় দিয়েছে, কেউ কেউ নিজের অসুখের কথা জানাতে লজ্জা পেয়ে চুপ করে থাকেন।
বহির্বিভাগ থেকে বেরিয়ে ইনডোরে ঢুকি, কোথায় কোন বিভাগ ঠাহর করা কঠিন। সবখানে শুধু মানুষ আর মানুষ। নিচতলা ঘুরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠি, সিঁড়ির শেষ ধাপে উঠেই মেঝেতে শুয়ে থাকা রোগীদের বিছানার কিনারে পা পড়ে। কোথাও যেন আর তিল ধারণের জায়গা নেই। কোথাও কোনো ডাক্তারের দেখা মেলে না, অ্যাপ্রন পরা কোনো ডাক্তারই চোখে পড়ে না। কালেভদ্রে দেখা যায়, মেঝেতে পাতা রোগীদের কাঁথা-বিছানাগুলোর ফাঁকে ফাঁকে পা ফেলে ফেলে এখান থেকে ওখানে যাচ্ছেন দু-একজন নার্স।
নিচতলায় নেমে সদ্যপ্রসূত শিশু ও প্রসূতিদের বিভাগের বারান্দায় একজন অ্যাপ্রন পরা নারীকে দেখতে পেলাম একটি সদ্যপ্রসূত শিশুর নাকে নল ঢুকিয়ে কিছু করতে গিয়ে গলদঘর্ম হচ্ছেন। তাঁর দুহাতে গ্লাভস দেখতে পেলাম, এই হাসপাতালে এই প্রথম গ্লাভস পরে কর্মরত কারোর দেখা মিলল।
অসুস্থ শিশুদের একটানা কান্না, গোঙানি, তাদের স্বজনদের আর্ত কলরব, উচ্চ স্বরে পরস্পরকে ডাকাডাকি আর অসুস্থকর, বিবমিষাময় নাছোড় সেই দুর্গন্ধ, যা আমি হাসপাতালটিতে ঢোকার মুহূর্ত থেকে আর পিছু ছাড়েনি—এসবের মধ্যে ঘুরে ঘুরে দেখা, জানা ও বোঝার চেষ্টা করা বেশিক্ষণ সম্ভব হলো না। মনে হলো আমি এমন এক হাসপাতালের খবর নিতে এসেছি, যে নিজেই রুগ্ণ। কী কারণ তার এমন রুগ্ণতার?
খুঁজে বের করলাম হাসপাতালটির প্রধান ব্যবস্থাপক ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নজরুল ইসলামের অফিস রুম। জানা গেল, তিনি ছুটিতে, তাঁর দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার আলী। তাঁর সঙ্গে বসে গল্প করছেন হাসপাতালের তিন-চারজন চিকিৎসক। আমি ভারপ্রাপ্ত সিভিল সার্জনের কাছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য-উপাত্ত চাইলাম। তিনি নথিপত্রসহ ডেকে আনলেন হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জয়ন্ত কুমার সেনকে। জয়ন্ত সেনের কাছে জানা গেল, ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫০ শয্যার হাসপাতাল থেকে ১০০ শয্যায় উন্নীত করে উদ্বোধনী ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ১৯৯৭ সালে। কিন্তু এর মোট লোকবল এখনো ৫০ শয্যার হাসপাতালেরই রয়ে গেছে।
অথচ কাল বেলা দেড়টায়, যে মুহূর্তে আমি তাঁদের সঙ্গে কথা বলছিলাম, তখন হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩০৭, শয্যাসংখ্যার ৬ গুণেরও বেশি। আর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬০২ জন। হাসপাতালটিতে সব সময় গড়ে তিন শতাধিক রোগী ভর্তি থাকে। তাদের আত্মীয়স্বজনসহ সব সময় গড়ে এক হাজারের বেশি মানুষ সেখানে দিন-রাত অবস্থান করে। কিন্তু পর্যাপ্ত টয়লেট নেই, পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র সাতজন। বোঝা গেল, কেন হাসপাতালটি এমন দুর্গন্ধময়।
হাসপাতালটিতে অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা ২১, কর্মরত আছেন মাত্র ১২ জন। নিয়মিত হাসপাতালে আসেন ১০ জন, দুজন দিনের পর দিন অনুপস্থিত। সিনিয়র কনসালটেন্টের চারটি পদই শূন্য, মেডিকেল অফিসারের চারটি পদও শূন্য।
ইনডোর-আউটডোর মিলিয়ে প্রতিদিন গড়ে নয় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন মাত্র ১০ জন চিকিৎসক আর ৩৯ জন নার্স। বোঝা গেল, কেন হাসপাতালটি নিজেই রুগ্ণ হয়ে পড়েছে।
টিপ টিপ বৃষ্টির মধ্যে বেরিয়ে শহরের দিকে যেতে যেতে মনে প্রশ্ন জাগল, কী দেখলাম? কী বুঝলাম? আসলে কিছুই বোঝা গেল না, শুধু এইটুকু ছাড়া: ঠাকুরগাঁও সদর হাসপাতাল একুশ শতকের বাংলাদেশের সরকারি চিকিৎসাব্যবস্থাকে দিন-রাত লজ্জা দিচ্ছে।