ঠাকুরগাঁওয়ে কম্বল বিতরণ
ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসির ’৮৩ ব্যাচের শিক্ষার্থীরা গত শনিবার শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। ওই ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে কম্বলগুলো বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও শহরতলি, আউলিয়াপুর, গড়েয়া, আকচা ও বরুণাগাঁও এলাকার ৫০০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়।
সদর উপজেলার কচুবাড়ি গ্রামের গৃহবধূ আয়শা বেগমের আর্থিক অবস্থা ভালো নয়। তাই এবারের শীতে তিনি তাঁর ১১ মাস বয়সের ছেলের জন্য একটি কম্বল কিনতে পারেননি। কম্বল না থাকায় তিনি ও তাঁর ছেলে শীতে কষ্ট পাচ্ছিলেন। গতকাল সরকারি বিদ্যালয়ের ’৮৩ ব্যাচের শিক্ষার্থীদের দেওয়া একটি কম্বল পেয়ে তিনি খুব খুশি হন।
’৮৩ ব্যাচের শিক্ষার্থী দারাউজ মীর্জা জানান, বছরের একটি নির্দিষ্ট দিনে এসএসসির ’৮৩ ব্যাচের বন্ধুরা মিলিত হন। সে সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তার উদ্যোগ নেওয়া হয়।