ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডসের আঞ্চলিক অধিবেশন
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের ১৩তম আঞ্চলিক পরিষদ অধিবেশন গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের আউট রিচ রিসোর্স সেন্টারে (ওআরসি) অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন উদ্বোধন করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার বেগম সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা ফজলে আলম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম। উদ্বোধনের পর রাজশাহী জেলা সেক্রেটারি শেরিনা সরকারের সঞ্চালনায় বিভিন্ন জেলার কাউন্সিলররা তাঁদের বাজেট উপস্থাপন করেন। গার্ল গাইডস কার্যক্রমের উদ্দেশ্য, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।