ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শহীদ মোহামঞ্চদ আলী স্টেডিয়ামে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার ফয়সল মাহমুদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন এবং টুর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকসেদ আলী।
টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও ঠাকুরগাঁও পৌরসভা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা অংশ নেয়। খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা দল ট্রাইব্রেকারে ৪-২ গোলে সদর উপজেলাকে পরাজিত করে। সদর উপজেলার পক্ষে প্রথমার্ধ্বে জামসেদুর ইসলাম ও বালিয়াডাঙ্গীর পক্ষে দ্বিতীয়ার্থে গোল করার সমতা আসে। দর্শকদের মাঠে আসতে উৎসাহিত করতে খেলা শেষে জন্য র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে রঙিন টেলিভিশন, বৈদ্যুতিক পাখা ও আয়রন পুরস্কার দেওয়া হয়। আজ শনিবার রানীশংকৈল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হরিপুর উপজেলা ক্রীড়া সংস্থার খেলা হবে। প্রতিদিন খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়।