ঠাকুরগাঁওয়ে দুই দিনে ১৪৬ শিশু হাসপাতালে
ঠাকুরগাঁওয়ে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দেড় শ শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বহির্বিভাগে গতকাল মঙ্গলবার চিকিৎসা নিয়েছে আরও প্রায় ২০০ শিশু। জেলায় কয়েক দিন ধরে দিনে প্রচণ্ড গরম আর রাতে পড়ছে ঠান্ডা। আবহাওয়ার এই বৈপরীত্যে শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো দপ্তর নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে গতকাল দিনে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর রাতে তা নেমে আসে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। গত চার-পাঁচ দিন ধরেই জেলায় দিনে তাপমাত্রা ৩০ থেকে ৩২ এবং রাতে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে (সোম ও মঙ্গলবার) ১৪৬টি শিশু ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৯টি শিশু ঠান্ডাজনিত রোগে এবং ৪৭টি ডায়রিয়ায় আক্রান্ত। এদিকে শুধু গতকালই বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আরও ১৭০টি শিশুকে। বহির্বিভাগে চিকিৎসা দেওয়া এসব শিশুর মধ্যে অধিকাংশই ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল সকালে গিয়ে দেখা গেছে, ভর্তি হওয়া শিশুদের সঙ্গে আসা তাদের আত্মীয়স্বজনে গিজগিজ করছে ওয়ার্ড। শয্যার সংকটে ওয়ার্ডের মেঝেতে রেখে বহু শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে শিশু ওয়ার্ডের মেঝেতেও জায়গা পায়নি। ওয়ার্ড-সংলগ্ন বারান্দায় শয্যা পেতে সেখানে রেখে ওদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শয্যা ও জনবলের সংকটে কর্তব্যরত চিকিৎসকেরা আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। অসুস্থ শিশুদের কান্না ও অভিভাবকদের হট্টগোলে চারপাশের পরিবেশ যেন আরও বৈরী হয়ে উঠেছে।
ওয়ার্ডের বারান্দার মেঝেতে পাতা বিছানায় চিকিৎসা নিচ্ছে নয় মাস বয়সী সুজন। তার বাবা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বলরামপুর গ্রামের কৃষক আবদুল হাই বলেন, গত শনিবার ছেলের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে গত রোববার হাসপাতালে নিয়ে আসেন। এখানে এসে দেখেন ওয়ার্ডের বাইরের বারান্দা পর্যন্ত আক্রান্ত শিশুদের বিছানার সারি। ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সচ্ছলতা না থাকায় নিরুপায় হয়ে ওয়ার্ডের বারান্দায়ই তিনিও ছেলেসহ আশ্রয় নেন।
পাশের শয্যায় শিশু নিয়ে বসে থাকা আম্বিয়া বেগম বলেন, তাঁর ছয় মাসের শিশু হানিফ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। এখন অবস্থার কিছু উন্নতি হয়েছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, এখানে দিনে গরম থাকলেও সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে মানুষ, বিশেষ করে শিশুরা ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। তাঁর মতে, একটু সতর্ক থাকলেই শিশুদের এসব রোগ থেকে রক্ষা করা সম্ভব।
এদিকে হাসপাতালের বহির্বিভাগে ঠান্ডা ও জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা প্রাপ্তবয়স্ক রোগীরও ছিল ভিড়। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রাম থেকে আসা মোকছেদ আলী বলেন, ‘দিনত কঠিন রৈদ। গতর পুড়ি যাছে। বাড়ি থাকি বাহির হওয়ায়ই মুশকিল। কিন্তুক রাইতত ফির ঠান্ডা, সেলা কাঁথা ঢাকা নিবা হছে।’
ঠাকুরগাঁও পৌরসভার খালপাড়া মহল্লার বাসিন্দা নুরজাহান বেগম (৬৭) বলেন, এখন রাতে কাঁথা গায়ে দিতে হয়। কিন্তু দিনে আবার পাখা চালাতে হয়। তিনি নিজে কয়েক দিন ধরেই সর্দিজ্বরে ভুগছেন বলে জানান এই নারী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসা নিয়ে দ্রুতই তারা সুস্থ হয়ে ফিরে যাচ্ছে।