ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি সবেজ আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও ধর্ষণের ঘটনায় জন্ম দেওয়া সন্তানকে ২১ বছর পর্যন্ত লালনপালনের খরচ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সবেজ আলী সদর উপজেলার সাশলাপিয়ালা গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে।
গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৬ মে সবেজ আলী সাশলাপিয়ালা গ্রামের এক বিধবা নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সবেজ আলীর কাছে গর্ভের সন্তানের স্বীকৃতি দাবি করেন। কিন্তু তা অস্বীকার করলে সে বছরের ১০ অক্টোবর সবেজ আলীসহ তিনজনকে আসামি করে ওই নারী ঠাকুরগাঁও থানায় মামলা করেন।
থানার উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন তদন্ত করে ২০০১ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে ধর্ষণের শিকার ওই নারী ২০০১ সালের এপ্রিলে একটি সন্তান জন্ম দেন। ২০১৩ সালের জানুয়ারিতে আদালত শিশুটির ডিএনএ পরীক্ষার আদেশ দেন। অভিযুক্ত প্রথম ডিএনএ পরীক্ষার ফলাফল অস্বীকার করে আবার পরীক্ষার জন্য আবেদন করেন। সে বছরের জুনে সবেজ আলীর আবার ডিএনএ পরীক্ষা হয়।
ফলাফল ভুক্তভোগীর পক্ষে যায়। সাক্ষ্যপ্রমাণ ও ডিএনএ ফলাফলের ভিত্তিতে আদালত সবেজ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ধর্ষণের ঘটনায় জন্ম দেওয়া সন্তানকে ২১ বছর পর্যন্ত লালনপালনের খরচ দিতে আদেশ দেন আদালত।