ঠাকুরগাঁওয়ে নলকূপের গর্ত নিয়ে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ের পৌর এলাকার পূর্ব গোয়ালপাড়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্ত নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঢাকায় পানির পাম্পের একটি পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর পর তাঁদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৬১-৬২ সালে পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন করপোরেশন বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ কার্যক্রম পরিচালনার জন্য ঠাকুরগাঁওয়ের পৌর এলাকার পূর্ব গোয়ালপাড়ায় একটি গভীর নলকূপ স্থাপন করে। প্রায় ২২ বছর আগে বিএডিসি ওই নলকূপ বিএমডিএর কাছে হস্তান্তর করে। ওই সময় বিএমডিত্র কর্তৃপক্ষ এটি পরিত্যক্ত ঘোষণা করে পাইপ সরিয়ে ফেলে। পাইপ সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় গর্ত থেকে যায়। গত ২৬ ডিসেম্বর ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠের কাছে পানির পাম্পের একটি পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু হয়। এই ঘটনার পর গত ২৯ ডিসেম্বর পৌর এলাকার এই গভীর নলকূপের গর্তে একটি শিশু পড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গভীর নলকূপটি সচল থাকাকালীন দেখভাল করতেন মৃত আব্দুস সোবহান। তাঁর ছেলে মো. গাজী জানান, তিনি তাঁর বাবার কাছে শুনেছেন নলকূপের পাইপ ৫০০ থেকে ৬০০ ফুট গভীর ছিল।
গর্তের পাশের বাড়ির বাসিন্দা মজিবর রহমান বলেন, গত ২৯ ডিসেম্বর ওই গর্তে এক প্রতিবন্ধী শিশু পড়ে যায়। এলাকাবাসী অনেক চেষ্টা করে তাকে গর্ত থেকে তুলে আনে। এর কয়েক দিন আগে এক রাতে রজ্জব আলী নামে এক ব্যক্তি গর্তে পড়ে যান। সে সময় তিনি নিজে নিজে ওপরে ওঠার চেষ্টা করতে গেলে আরও নিচে তলিয়ে যেতে থাকেন। চিৎকার শুনে এলাকাবাসী রশি ও বাঁশ ফেলে তাঁকে উদ্ধার করে।
এলাকার মানুষ বিএমডিএ কর্তৃপক্ষের জন্য অপেক্ষা না করেই নিজেরাই মাটি কেটে গর্তটি ভরাট করার উদ্যোগ নিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, এলাকার লোকজন বাঁশের মাচা তৈরি করে গর্তের মধ্যে ফেলছেন।
ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র বাবলুর রহমান জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। এ নিয়ে বিএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন।
বিএমডিএ ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুর রহমান বলেন, পরিত্যক্ত নলকূপের গর্ত অরক্ষিত হয়ে পড়ে রয়েছে, এ বিষয়টি তাঁর জানা নেই। বিস্তারিত জেনে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।