ঠাকুরগাঁওয়ে পামচাষিদের স্বপ্নভঙ্গ
প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পাম চাষ নিয়ে স্বপ্ন দেখেছিলেন ঠাকুরগাঁওয়ের অনেক চাষি। সেই স্বপ্নের ওপর ভর করেই গড়ে ওঠে একের পর এক পামবাগান। বাগানের গাছগুলো একসময় ফুল-ফলে ভরে ওঠে। কিন্তু পাম ফল থেকে তেল শোধনের মতো কোনো প্রযুক্তি ও বিপণনের সুযোগ না পেয়ে নিজের গড়া বাগানের গাছ কেটে ফেলছেন চাষিরা।
পাম চাষে পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকলেও সবুজ বাংলা লিমিটেড নামের একটি কোম্পানির স্থানীয় পরিবেশকের কথায় উদ্বুদ্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের কৃষক বদরুল ইসলাম এক একর জায়গায় পামবাগান গড়ে তোলেন। তাঁর এ বাগানের বয়স পাঁচ বছর। বছর দু-এক ধরে বাগানের পামগাছগুলো ফুলে-ফলে ভরে গেছে। এখন ফল থেকে তেল বের করার যন্ত্রপাতি তিনি খুঁজে পাচ্ছেন না। এতে হতাশ হয়ে গত শুক্রবার থেকে তিনি বাগানের পামগাছ কেটে ফেলতে শুরু করেন।
বদরুল বলেন, ‘অনেক আশা নিয়ে কঠোর শ্রম ও অর্থের বিনিময়ে বাগানটি গড়ে তুলেছি। তবে কীভাবে পাম তেল উৎপন্ন হয়, সেটা জানা নেই। পাম তেল উৎপাদনকারী ঢাকার কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারাও সঠিক কোনো পরামর্শ দিতে পারেনি। তাই পামগাছ কেটে ফেলছি।’
সদর উপজেলার ভাতগাঁও গ্রামের আরেক পামচাষি কামিনী সরকার পাম চাষের সম্ভাবনার কথা শুনে ৫০০ পামগাছের চারা লাগিয়েছিলেন। বছর চারেক বাগান পরিচর্যা করার পর গাছে ফল এলে তা নিয়ে বিপাকে পড়েন তিনি। পাম ফলের কূলকিনারা করতে না পেরে তিনি ক্ষুব্ধ হয়ে বাগানের সব গাছ কেটে ফেলেন। একইভাবে বাগানের পামগাছ কেটে ফেলেন ভাতগাঁও গ্রামের কৃষক আবদুল জব্বার, শরিফুল ইসলাম ও সাসলা পিয়ালা গ্রামের কলিম উদ্দিন।
তবে শরিফুল বলেন, তিনি আবদুর রাজ্জাক নামে কৃষি বিভাগের আউলিয়াপুর ইউনিয়নের তৎকালীন উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পামগাছের চারা কিনেছিলেন। চারা বিক্রির সময় রাজ্জাক বলেছিলেন, ঘরে ঘরে পামগাছ লাগিয়ে তেলের পারিবারিক চাহিদা মেটানো যায়; বিক্রি করে বাড়তি আয়ও হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, এ থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। তাই পামগাছগুলো কেটে ফেলেছেন।
এ বিষয়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাফরুল্লাহ বলেন, তাঁর ইউনিয়নে চাষিরা সাড়ে তিন হাজারের বেশি পামগাছ লাগিয়েছেন। তিনি নিজেও একটি বাগানে ২৫০টি পামগাছ লাগিয়েছেন। কিন্তু তেল শোধনের প্রযুক্তি ও বিপণনের সুযোগ না পেয়ে তাঁরা বাগানের পামগাছ কেটে ফেলেন। লাভের আশায় পামবাগান করে পাঁচ বছর পরিচর্যার পর তা কেবল সৌন্দর্যই বাড়িয়েছে। আর কিছুই দেয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে ২ দশমিক ৫৩ হেক্টর জমিতে পামবাগান রয়েছে। এ ছাড়া বসতবাড়ির আশপাশে ১৭ দশমিক ৫২ হেক্টর জমিতে রয়েছে পামগাছ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। উৎপাদিত পাম ফল প্রক্রিয়াজাতকরণ বা বিপণনব্যবস্থা না থাকায় স্বাভাবিকভাবেই কৃষকেরা হতাশ হয়ে গাছ কেটে ফেলছেন। এখনো জেলায় পাঁচ হাজারের বেশি পামগাছ রয়েছে।’