ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি গ্রামে চাষিদের পামবাগান ফুলে-ফলে ভরে গেছে। তিন বছরের নিবিড় পরিচর্যায় গাছে ফল এলেও তেল তৈরির সঠিক নিয়ম না জানায় বিপাকে পড়েছেন তাঁরা। এতে অনেক চাষিই প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১২ দশমিক ৫৩ হেক্টর জমিতে পামগাছের বাগান রয়েছে। এ ছাড়া বসতবাড়ির আশপাশে আরও ১৭ দশমিক ৫২ হেক্টর জমিতে পামগাছ রয়েছে।
ভাতগাঁও গ্রামের পামচাষি শরিফুল ইসলাম জানান, ২০১০ সালে কৃষি বিভাগের আউলিয়াপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাকের কাছ থেকে পামগাছের চারা কিনেছিলেন তাঁরা। রাজ্জাক টাঙ্গাইলের বখতিয়ার অ্যাগ্রো লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের কাছ থেকে চারা এনে তাঁদের কাছে সরবরাহ করেন। চারা সরবরাহের সময় তাঁরা প্রচারণা চালান, ঘরে ঘরে পামগাছ লাগিয়ে তেলের পারিবারিক চাহিদা মেটানো যায়। বিক্রি করে আয়ও বাড়ানো যায়। চারা লাগানোর তিন থেকে চার বছর পর তা থেকে ৭৫ থেকে ৯০ কেজি পর্যন্ত তেল পাওয়া যায়।
তেল আহরণের পদ্ধতি সম্পর্কে বিক্রয় প্রতিনিধিরা সে সময় জানান, ফল আহরণ করে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করে চাপ দিলেই রস বের হবে। জ্বাল দিলেই অতিরিক্ত পানি বাষ্প হয়ে বেরিয়ে যাবে। এরপর লাল রঙের যে তেল পাওয়া যাবে তা পরিশোধন ছাড়াই রান্নার কাজে ব্যবহার করা যাবে।
পামচাষি আবদুল জব্বার বলেন, ‘তিন বছর আগে ১৩০টি পামগাছের চারা কিনে লাগিয়েছি। গাছে ফল এলেও এখন তা কাজে আসছে না। প্রতিনিধির বলে দেওয়া পদ্ধতিতে তেল বের করার চেষ্টা করেও লাভ হয়নি।’ সাসলা পিয়ালা গ্রামের কয়েকজন চাষিও পামগাছের বাগান করেন। তাঁরা সবুজ বাংলা অ্যাগ্রো লিমিটেডের স্থানীয় বিক্রয় প্রতিনিধি আবু হানিফার কাছ থেকে দেড় বছর আগে প্রতিটি চারা ৬৪০ টাকা দরে কেনেন। তাদেরই বাগানের চারা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার কথা।
সাসলা পিয়ালা গ্রামের পামচাষি কলিম উদ্দিন বলেন, ‘দায়িত্ব থাকলেও কোম্পানির লোকজন ভালোভাবে পরিচর্যা না করায় চারা লাগানোর ১১ মাস পর তাঁদের বাগানে যেতে মানা করে দিয়েছি।’ গাছে ফল এলে সেগুলো কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আবু হানিফা আমাকে বলেছে কোম্পানির লোকজন ফল কিনে নেবে।’
সম্প্রতি আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে সবুজ বাংলা অ্যাগ্রো লিমিটেডের কার্যালয়ের ঠিকানা ও মুঠোফোন নম্বর চাওয়া হলে তিনি জানান, কার্যালয়ের ঠিকানা পরির্তন হয়েছে এবং মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরুল্লাহ জানান, তাঁর ইউনিয়নে চাষিরা সাড়ে তিন হাজারেরও বেশি পামগাছ লাগিয়েছেন। তিনি নিজেও একটি বাগানে ১২৫টি পামগাছ লাগিয়েছেন। তিনি বলেন, ‘পামগাছে ফল আসার পর চাষিরা প্রায়ই আমার কাছে এসে হতাশার কথা জানান। সংশ্লিষ্ট বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে সন্তোষজনক উত্তর না পেয়ে এখন প্রতারণার আশঙ্কা করছি।’
আবদুর রাজ্জাক বলেন, ‘পাম চাষের সফল উদ্যোক্তা বখতিয়ার অ্যাগ্রো লিমিটেডের মালিক ওসমান গনির কাছ থেকে চারা সংগ্রহ করে চাষি পর্যায়ে সরবরাহ করেছিলাম। পামগাছে আগাম ফল এসেছে। চাষিরা বুঝছেন না যে প্রথম দিকের পামফল থেকে তেল পাওয়া যাবে না। পামের সুফল পেতে আরও দু-এক বছর অপেক্ষা করতে হবে।’
ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. বেলায়েত হোসেন জানান, এ বিষয়ে পামচাষিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।