ঠাকুরগাঁওয়ে বর্ষা মঙ্গল উৎসব
বাংলাদেশের কৃষিনির্ভর উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে বর্ষার সম্পর্ক যেন অন্য অঞ্চলগুলোর চেয়ে একটু বেশি নিবিড়। বর্ষা কৃষকের জন্য নিয়ে আসে মঙ্গলের বারতা। কালের বিবর্তনে চাষাবাদ এখন অনেকখানি আধুনিক যন্ত্রপাতির ওপর নির্ভরশীল হয়ে পড়লেও বর্ষার বিকল্প নেই। বর্ষার এ মঙ্গলরূপের বন্দনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘর লোকায়ণের উদ্যোগে ইকো পাঠশালা চত্বরে বর্ষামঙ্গল উৎসব হয়।
লোকায়ণের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আয়োজিত এ বর্ষামঙ্গল উৎসবে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম প্রধান প্রমুখ।
‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ দলীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এরপর প্রতিভা রায়, রত্না সরকার, মেহেদি হাসান, ঐশি বিশ্বাস, রিক্তা ভট্টাচার্য, সুচরিতা দেব ও রমনীকান্ত সংগীত পরিবেশন করেন। খুদে শিল্পী শাশ্বত জামান ও লোকায়ণের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান গানের মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেন।