ঠাকুরগাঁওয়ে বাস-নছিমন সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
উপজেলার ভুল্লী বাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নছিমনে ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন নছিমনের যাত্রী জুরান (৩০) ও হাবিব (২৬) এবং নছিমনচালক মন্টু (২২)। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার লাউথুতি গ্রামে।
সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুল হক প্রধান, এলাকার কয়েক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, লাউথুতি গ্রামের কয়েকজন ব্যক্তি একটি নছিমন ভাড়া করে গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি মেলায় যান। আজ ভোরে তাঁরা একই নছিমনে করে নিজেদের গ্রামে ফিরছিলেন। ভোর সাড়ে ছয়টার দিকে ভুল্লী চৌরাস্তায় নছিমনটির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে যায়। বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান জুরান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান মন্টু ও হাবিব। হাসপাতালে চিকিৎসাধীন আছেন জিন্নাহ (৩০), মুরাদ (২৫) ও দুদু (২৪)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।