ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের মিটার-সংকট
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ফি ও জামানত দেওয়ার দীর্ঘদিন পরও মিটার পাননি পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার ছয় সহস্রাধিক আবেদনকারী। মিটার না পেয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। সংকটের কারণে মিটার দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন পবিসের কর্মকর্তারা।
পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৩৪টি, রানীশংকৈলে ৪৬৫ ও হরিপুরে ৫২৭টি আবেদনের সিএমও (কাস্টমার মিটার অর্ডার) করা আছে। মিটারের জন্য আবেদন করে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানে ওয়্যারিংয়ের (তারকরণ) কাজ শেষ করা আবেদনকারীর সংখ্যা পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ২৪৫ জন, রানীশংকৈলে ৭০০ ও হরিপুরের ৬৩৫ জন। এ ছাড়া নতুন মিটারের জন্য অনলাইনে পীরগঞ্জের ৬২৮ জন, রানীশংকৈলের ৪৬৭ ও হরিপুরের ১৮৮ জন আবেদন করেছেন। সব মিলিয়ে তিন উপজেলায় নতুন মিটারের জন্য আবেদন করেছেন ৬ হাজার ১৮৯ জন।
পবিস পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, একজন আবেদনকারী প্রথমে নতুন মিটারের জন্য আবেদন করবেন। আবেদন অনুমোদন হলে বিদ্যুৎ কার্যালয় থেকে ওয়্যারিং করার অনুমতি দিয়ে আবেদনকারীকে চিঠি দেওয়া হবে। চিঠি পেলেই ওয়্যারিংয়ের কাজ শেষ করে প্রয়োজনীয় কাগজ ও ওয়্যারিংয়ের প্রতিবেদন কার্যালয়ে জমা দেবেন গ্রাহক। তখন পবিসের ওয়্যারিং পরিদর্শক সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিটারের জামানত দেওয়ার অনুমতি দেবেন। জামানতের টাকা জমা দিয়ে অফিসের রেজিস্ট্রারে নাম অন্তর্ভুক্ত করিয়ে বিলিং শাখায় কাগজ জমা দিলেই আবেদনকারীর সিএমও হয়ে যাবে। গ্রাহক তখন নতুন মিটার পাবেন ও তাঁর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।
হরিপুর উপজেলার যাদবপুর গ্রামের আবদুল জব্বার বলেন, ‘ফি ও জামানতের টাকা জমা দিয়ে গত আগস্ট মাসে সিএমও পেয়েছি। পাঁচ মাস ধরে পীরগঞ্জ কার্যালয়ে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম। আজও মিটার পাইনি।’
পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামের আফজাল হোসেন বলেন, ‘আগস্ট মাসে টাকা জমা দিয়ে বাড়িতে ওয়্যারিং করেছি। এখন বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছি। কিন্তু মিটার দেওয়ার কোনো খবর নেই।’ একই উপজেলার নওডাঙ্গা গ্রামের মো. গুলজার বলেন, ২০১৩ সালের জুন মাসে ফি দিয়ে আবেদন করে বাড়িতে ওয়্যারিং করেছি। গত বছরের মে মাস থেকে পীরগঞ্জ কার্যালয়ে ঘুরছি। কবে যে কারেন্ট পাব বলা মুশকিল।’
পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খান মোহাম্মদ বোরহান বলেন, ‘গত বছর ৪ হাজার ২৮০টি মিটার পেয়েছি, যা চাহিদার তুলনায় নগণ্য। কাগজপত্রে দেখা যাচ্ছে, তিন উপজেলার প্রায় ছয় হাজার আবেদনকারী নতুন মিটারের জন্য আবেদন করেছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের নতুন লাইন স্থাপনের কাজ শেষ করে পবিসে হস্তান্তর করলেই আর একধাপ কাজ এগিয়ে যাবে।’
ঠাকুরগাঁও পবিসের সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. আসাদুজ্জামান বলেন, ‘অনেক মিটার দরকার। আমরা আরইবির ঢাকার প্রধান কার্যালয়ে খোঁজ রাখছি। মিটার পেলেই গ্রাহক পাবেন।’