ঠাকুরগাঁওয়ে বোর্ড সেরা দুই বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলা শহরের দুটি বিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১১তম এবং বালক উচ্চবিদ্যালয় ১৫তম স্থানে রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার ঘোষ বলেন, ‘অভিভাবকেরা শিক্ষার্থীদের ভালো পড়াশোনার বিষয়ে সচেতন ছিলেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রয়াসেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এই ফলাফলে আমরা গর্বিত।’
জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় এবার জেলায় দ্বিতীয় অবস্থান রয়েছে। ২২৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৯ পরীক্ষার্থী। বোর্ডে এবার বিদ্যালয়টির অবস্থান ১৫তম।