ঠাকুরগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানেধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসনের গাফিলতির নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল রোববার ঠাকুরগাঁও জেলা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

ভোর থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসায়ীরা ঠাকুরগাঁও ব্যবসায়ী সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই ধর্মঘট পালন করেন। সকাল থেকে জেলা শহরের সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড মিছিল করে বিক্ষোভ করেন। ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মুরাদ হোসেন জানান, তিন দিনের মধ্যে ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জুয়েলারি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ডাকাতির ঘটনার ২৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। প্রশাসন প্রকৃত ডাকাতদের গ্রেপ্তারে গাফিলতি করছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার পর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২২ মে রাত পৌনে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কের পুলিশ সুপারের কার্যালয়ের পাশের খোয়াজা গিনি হাউস নামের একটি স্বর্ণের দোকানের মালিক ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ৩০০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতেরা। এ সময় তারা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।