ঠাকুরগাঁওয়ে মিশুক-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Map
Map

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে মিশুক ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিশুকের চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মিশুকের আরও ছয় যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০), বড় খোঁচাবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে মজিবর রহমান (৪০) ও মাদারগঞ্জ গ্রামের মৃত চনী লাল দাসের ছেলে সলেন্দ্র চন্দ্র দাস। অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছোট খোঁচাবাড়ি এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের কেবি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী একটি মিশুকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিশুকের চার যাত্রী নিহত ও ছয় জন আহত হন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, লাশগুলো উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক।