ঠাকুরগাঁওয়ে শাশুড়ি ও পুত্রবধূর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পদমপুর গ্রামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ ও তাঁর শাশুড়ির ক্ষতবিক্ষত লাশ পুলিশ গতকাল রোববার উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরিফুল ইসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গ্রামের বাড়িতে একই ঘরে তাঁর মা আফরোজা বেগম (৪৫) ও স্ত্রী বিউটি আক্তার (২৮) বসবাস করতেন। শনিবার রাতে বাড়ির আরেকটি ঘরে নওগাঁ থেকে বেড়াতে আসা আফরোজার বোনের ছেলে ইউসুফ আলী (১৪) ছিল। গতকাল রোববার সকাল নয়টায়ও ঘর থেকে শাশুড়ি-পুত্রবধূ কেউ বের না হওয়ায় ইউসুফ চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে জড়ো হন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে আফরোজার রক্তাক্ত লাশ ও পাশেই সিলিং ফ্যানে বিউটির ঝুলন্ত লাশ দেখতে পায়। বিউটির শরীর রক্তে মাখা ছিল। আর আফরোজার লাশ ছিল ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত। প্রতিবেশী রাশেদা বেগম জানান, পারিবারিক বিষয় নিয়ে বিউটির সঙ্গে আফরোজার ঝগড়া লেগেই থাকত। শনিবার রাতেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি ধারণা করছেন, ঝগড়ার একপর্যায়ে বিউটি ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।