ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ নির্বাচনী কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এগার মাইল এলাকায় বাসের ধাক্কায় দুই নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার পথে গতকাল শনিবার সকালে তাঁরা এই দুর্ঘটনার শিকার হন।
কর্মকর্তা দুজন হলেন সদর উপজেলার দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায় এবং কালেশ্বরগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিরোজা বেগম। পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার নয়টি ইউনিয়নে গতকাল ছিল ভোট গ্রহণের দিন। ওই ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পান বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম। দায়িত্ব পালনের জন্য তাঁরা সকালে একটি মোটরসাইকেলে করে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে মহাসড়কের এগারো মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘লাশ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা আছে। চালক বাস ফেলে পালিয়ে যাওয়ার কারণে তাঁকে আটক করা যায়নি।’
প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু: পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের সময় গতকাল মনজুর আহমদ (৫৫) নামের এক প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছাবের আহমদ বলেন, ভোট গণনার সময় মনজুর আহমদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। দ্রুত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।