ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের রামপুর গ্রামের তৈবুর রহমান হত্যা মামলার আসামিপক্ষের লোকজন বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী ও নিহত তৈবুর রহমানের স্ত্রী আইরিন আক্তার।
আইরিন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামি আইয়ুব আলীর দুই ভাই হারুন অর রশিদ ও আবু দাউদ আমাকে ছেলেমেয়েসহ মেরে ফেলার হুমকি দিচ্ছেন।’ তিনি অভিযোগ করেন, গত রোববার হারুন বাড়িতে এসে তাঁকে মামলা প্রত্যাহার করতে চাপ দেন। এরপর বুধবার শিবগঞ্জ হাটে তাঁর বাবা ও দুলাভাইকে মামলা তুলে নিতে বলেন। সর্বশেষ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত চত্বরেও হারুন তাঁকে মেরে ফেলার হুমকি দেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, আইরিন আক্তারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তৈবুরের সঙ্গে জমি নিয়ে পাশের বাড়ির আইয়ুব আলীর বিরোধ ছিল। আইয়ুব আলী ১৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে কুটিমারী বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে তৈবুরকে বাড়ি থেকে ডেকে নেন। রাত নয়টার দিকে তিনি এসে আইরিনের কাছে জানতে চান, তৈবুর বাড়িতে ফিরেছেন কি না। এরপর তিনি বিল থেকে তৈবুরকে ডেকে আনার কথা বলে চলে যান। বিলে গিয়েই তিনি তৈবুরকে মেরে ফেলা হয়েছে বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ঘটনা জানতে পেরে আইরিনের সন্দেহ হয়। এরপর আইরিন পুলিশে খবর দেন। রাত ১১টার দিকে পুলিশ তৈবুরের লাশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আইয়ুব আলীকে আটক করে।