ঠাকুরগাঁওয়ে ১৫ ব্যক্তি ও চার সংগঠনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি সংগঠন ও ১৫ ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। গতকাল শুক্রবার সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকালে ঠাকুরগাঁও জেলা শহরের গোবিন্দনগর এলাকার ইএসডিওর প্রধান কার্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। মেলায় সংস্থার ২৭টি প্রকল্পের কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।
বিকেলে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর প্রতীক রফিজ উদ্দিন, সমাজসেবায় চিকিৎসক মুস্তাফা আহম্মেদ, শিক্ষায় মো. আইয়ুব আলী, সংস্কৃতিতে ছবি সেন গুপ্তা ও ক্রীড়া সংগঠন ঠাকুরগাঁও টাউন ক্লাবকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া সংস্থার কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখার জন্য ১১ শ্রেষ্ঠ কর্মসূচি সহযোগীকেও সম্মাননা দেওয়া হয়। এঁরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার আশুতোষ বসাক ও তাঁর স্ত্রী স্বরলিপি বসাক, আজিজুর রহমান ও তাঁর স্ত্রী রেহেনা বেগম, পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের আদিবাসী নারী বাহাটুডু, পঞ্চগড়ের দেবীপুর উপজেলার সোনাহার ডাঙ্গাপাড়া গ্রামের জাহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার আবু বকর সিদ্দিক, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাচ্চা মাই, সেতাবগঞ্জ পৌরসভার মিনা রানী বাঁশফোড়, লালমনিহাটের সদর উপজেলার জরিনা বেগম এবং নীলফামারীর সদর উপজেলার নির্মলা রানী। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
ইএসডিওর নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। এতে ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজজামান, হেকস-সুইজারল্যান্ডের বাংলাদেশ কার্যালয়ের পরিচালক অনিক আসাদ, ওসাপ বাংলাদেশের কর্মসূচি পরিচালক আবদুস সাহিন প্রমুখ বক্তৃতা করেন।